Ajker Patrika

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার বাবা, তাঁকে না জড়ানোর অনুরোধ পূজা চেরির

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৬: ৩০
অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার বাবা, তাঁকে না জড়ানোর অনুরোধ পূজা চেরির
পূজা চেরী। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়। এরপর থেকে খবরের শিরোনামে পূজা। তবে নায়িকা জানালেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। নিজের অবস্থান পরিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় পূজা অনুরোধ করেন, এই ঘটনায় তাঁর নাম না জড়াতে।

ফেসবুকে পূজা লেখেন, ‘আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি। আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নই।’

পূজা আরও লেখেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সব সময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদ্‌ঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন।’

বাবা দেব প্রসাদ রায়ের সঙ্গে পূজা চেরী। ছবি: সংগৃহীত
বাবা দেব প্রসাদ রায়ের সঙ্গে পূজা চেরী। ছবি: সংগৃহীত

সবশেষে পূজার অনুরোধ, ‘এই স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এই ঘটনার সঙ্গে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।’

গত শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন মিজানুর রহমান নামের এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে বিভিন্ন সময়ে ১৩ কোটি ২০ লাখের বেশি টাকা নিয়েছিলেন পূজার বাবা। সেই টাকা আর ফেরত দেননি। গতকাল এই মামলায় গ্রেপ্তার হন দেব প্রসাদ রায়।

অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত নন বলে পূজা আত্মপক্ষ সমর্থন করলেও সমালোচনা তাঁর পিছু ছাড়ছে না। বাবার পাশে না থাকায় অনেকেই এই নায়িকাকে তির্যক মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়ায়। টাকার কারণে বাবাকে অস্বীকার করছেন পূজা—এমন মন্তব্যও করছেন কেউ কেউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘারবিয়েহ

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত