আড়াল ভেঙে চলতি বছর প্রকাশ্যে আসেন চিত্রনায়িকা পপি। তবে অভিনয় নয়, পারিবারিক দ্বন্দ্বের জেরে তাঁর দেখা পাওয়া যায়। এবার পর্দায় ফিরছেন পপি। ৬ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা। আগামী ১৭ অক্টোবর দেশের হলে মুক্তি পাবে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’। পপি অভিনীত মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ছিল কামরুজ্জামান কামু পরিচালিত ‘দি ডিরেক্টর’। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ৫ জুন।
আড়ালে যাওয়ার আগে পপি সবশেষ অভিনয় করেছিলেন ডাইরেক্ট অ্যাটাক সিনেমায়। এরপর কয়েকটি সিনেমার কাজ শুরু করলেও সেগুলো শেষ হয়নি। সে হিসেবে এখন পর্যন্ত এটি তাঁর অভিনীত শেষ সিনেমা। ‘সাহসী যোদ্ধা’ নামে সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৮ সালে। ২০২১ সালে ডাইরেক্ট অ্যাটাক নামে তৎকালীন সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য ছাড়পত্র পায়। এর পর কয়েকবার মুক্তির ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। তবে এবার পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন সাদেক সিদ্দিকী।
আজকের পত্রিকাকে সাদেক সিদ্দিকী বলেন, ‘এর আগে কয়েকবার মুক্তির পরিকল্পনা করা হলেও তা সম্ভব হয়নি। প্রথমে করোনার কারণে পিছিয়েছিলাম। এরপর বন্যা। সবশেষ গত বছরের জুলাই আন্দোলনের কারণে পরিকল্পনা করেও মুক্তি দেওয়া যায়নি। এই অক্টোবরে সিনেমাটি দর্শকের সামনে আনতে চাই, এ সিদ্ধান্ত চূড়ান্ত।’
সিনেমা মুক্তি নিয়ে পপির সঙ্গে কথা হয়েছে বলে জানান সাদেক সিদ্দিকী। তিনি বলেন, ‘চেষ্টা করছি প্রচারে পপিকে যুক্ত করার। ইতিমধ্যে এ নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি। দেখা যাক কী সিদ্ধান্ত নেয় সে। তবে পপিকে সিনেমার প্রচারে পাওয়া গেলে দর্শকের কাছে আমাদের সিনেমাটি পৌঁছানো আরও সহজ হবে। এখনো অনেক দর্শক আছেন, যাঁরা পর্দায় পপিকে দেখতে চান।’
নির্মাতা জানান, অ্যাকশন ঘরানায় নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাটাক, দেখা যাবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প। এতে পপি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তাঁর বিপরীতে রয়েছেন আমিন খান। তিনি অভিনয় করেছেন গ্যাংস্টার চরিত্রে।
এত বছর পর মুক্তি পাওয়ায় সিনেমায় কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে সাদেক সিদ্দিকী বলেন, ‘আমার তেমনটি মনে হয় না। সময় পার হলেও সমাজের অন্যায়, সন্ত্রাস, দুর্নীতি তো পাল্টায়নি। এসব অন্যায়ের বিরুদ্ধেই ডাইরেক্ট অ্যাটাক সিনেমা। আমার মনে হয়, এখনো এ সিনেমার গল্প প্রাসঙ্গিক। এ ছাড়া এটি অ্যাকশন ঘরানায় নির্মিত হয়েছে, যা দর্শকের ভালো লাগবে। দর্শক হলে এলে বিরক্ত হবেন না বলেই আমার বিশ্বাস।’
ডাইরেক্ট অ্যাটাক সিনেমায় আরও অভিনয় করেছেন মামনুন ইমন, শিরিন শিলা, অভি প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন সাদেক সিদ্দিকী।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৫ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৬ ঘণ্টা আগে