রোজার ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে একগুচ্ছ সিনেমা। ঈদের সিনেমার সর্বশেষ খোঁজখবর জানাতে এই আয়োজন। প্রতিদিন একজন নির্মাতা বা প্রযোজক তাঁর সিনেমার কাজের অগ্রগতি ও প্রত্যাশার কথা জানাবেন। আজ ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে কথা বলেছেন পরিচালক তানিম নূর।

‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
বনলতা এক্সপ্রেসকে নির্মাতা বলছেন, ‘শতভাগ খাঁটি বাংলা ছায়াছবি’। কলাকুশলী থেকে শুরু করে শুটিং, সম্পাদনা, সাউন্ড, মিউজিকসহ পোস্ট প্রোডাকশনের পুরো কাজ দেশেই করা হয়েছে। সিনেমার কাজ প্রায় শেষ। এখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে কোনো ভুল আছে কি না। দিন দুয়েকের মধ্যেই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি জমা দেবেন নির্মাতা। তানিম নূর বলেন, ‘কাজের দিক দিয়ে আমরা একেবারেই শেষ দিকে আছি। একটু ঘষামাজার কাজ করছি, খুঁটিয়ে দেখছি। ইতিমধ্যে সার্টিফিকেশন বোর্ডের ফরম তুলেছি। আশা করছি দু-এক দিনের মধ্যেই জমা দিতে পারব।’
বনলতা এক্সপ্রেস সিনেমায় অভিনয় করেছেন একদল তারকা। রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরি হক বাঁধন প্রমুখ। বনলতা এক্সপ্রেসের গল্প আবর্তিত হয়েছে ট্রেনের একদল বৈচিত্র্যময় যাত্রী ঘিরে। মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, অজানার খোঁজে বেরিয়ে পড়া চিত্রা, খামখেয়ালি পর্যটক রশীদ উদ্দিন, কিংবা দাপুটে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান—সবাই এই ট্রেনের যাত্রী। এই ট্রেনযাত্রা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

উৎসবে নির্মাতা ব্যবহার করেছিলেন আর্টসেল ব্যান্ডের গান ‘ধূসর সময়’। বনলতা এক্সপ্রেস সিনেমায় তিনি রেখেছেন অর্থহীন ব্যান্ডের জনপ্রিয় গান ‘চাইতেই পারো তুমি’। সম্প্রতি মুক্তি পেয়েছে গানটি। সিনেমার প্রচার নিয়ে পরিকল্পার কথা জানিয়ে তানিম নূর বলেন, ‘প্রচার নিয়ে আমাদের ইউনিক আইডিয়া আছে। দর্শকদের সরাসরি কানেক্ট করতে চাই। বেশ কিছু অনুষ্ঠান করার পরিকল্পনা আছে। কিন্তু হাতে সময় খুব বেশি নেই। দেখা যাক শেষ পর্যন্ত কী কী করা যায়।’
পোস্টার, টিজার ও গান প্রকাশের পর দর্শকের প্রত্যাশা বেড়েছে বনলতা এক্সপ্রেস সিনেমা ঘিরে। দর্শকের সাড়া পেয়ে নির্মাতাও আশার আলো দেখছেন। নতুন সিনেমা নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে তানিম নূর বলেন, ‘উৎসব সিনেমাকে ছাড়িয়ে যাবে বনলতা এক্সপ্রেস। পোস্টার, টিজার, গান প্রকাশের পর দর্শকের সাড়া দেখে বিশ্বাসটা আরও বেড়েছে। আশা করছি প্রথম দিন থেকেই হলে বনলতা এক্সপ্রেস দেখতে দর্শকের ভিড় দেখা যাবে।’

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৫ ঘণ্টা আগে