
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি। নাম প্রকাশ না করলেও অভিনেত্রী জানিয়েছেন, তাঁর প্রেমিক মিডিয়ার কেউ নন।
সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের দুটি সিনেমা—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। দুই সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সে ধারাবাহিকতায় ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের ওপর আলো ফেলেন জয়া। কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না, এমন প্রশ্নের উত্তরে জয়ার সোজাসাপটা উত্তর, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি। অবশ্যই সেটা বহু বছর। তবে উনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।’
কেন সেই মানুষটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, তা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি। সারা জীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি, সেটা অনেক বড় বিষয়। আমার অনেক অত্যাচার সহ্য করেন তিনি। অভিনয়শিল্পী হওয়ার সুবাদে আমি এত ট্রাভেল করি! এই যে এখানে (কলকাতায়) পড়ে আছি, কাজ করছি। তিনি এসবে কিছুই মনে করেন না। আমাকে কাজ করতে দিচ্ছেন। এটা কিন্তু বড় বিষয়। কারণ একসঙ্গে থাকবারও প্রয়োজন আছে। সেই সুযোগটা তো আমাদের হয়ে উঠছে না। যাঁরা একজন অভিনেতার সঙ্গে সম্পর্কে থাকেন, তাঁরা জানেন তাঁদের মধ্যে একটা খ্যাপামো থাকে, পাগলামি থাকে। আমি যেমন প্রাইভেট পারসন, উনিও তেমন প্রাইভেট থাকতে পছন্দ করেন। আমরা নিজেদের মতো থাকতে পছন্দ করি। আরও অনেক ব্যাপার আছে। উনি খুব শান্ত, আমিও তেমনি। এ কারণেই তাঁর প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে। আর সম্পর্ক হওয়ার পর কাজের ক্ষেত্রে আমাকে সাপোর্ট করছেন। এটাও খুব ইতিবাচক।’
প্রেমের সম্পর্কে থাকলেও এখনই বিয়ে নিয়ে ভাবছেন না জয়া আহসান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। তাড়াতাড়ি ইচ্ছা হবে কি না, সেটাও জানি না। কিংবা আদৌ আমার ইচ্ছা আছে কি না, তাও জানি না। বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।’
তাহলে কি বিয়ের জন্য প্রস্তুত নন জয়া? এমনটাও মানতে নারাজ অভিনেত্রী। জানালেন, বিয়ে নিয়ে তাঁর মধ্যে ভয় কাজ করে। জয়া বলেন, ‘আসলে এখানে প্রস্তুতির কোনো বিষয় নেই। এ বিষয়ে আমার ভেতর ভীতি কাজ করে। আমার আগের সম্পর্কের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।’

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৬ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৬ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
৯ ঘণ্টা আগে