Ajker Patrika

স্পেনে পুরস্কার পেল দেশের দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
স্পেনে পুরস্কার পেল দেশের দুই সিনেমা
‘রইদ’ সিনেমার দৃশ্য

প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়াচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ও মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। এবার স্পেনের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় পুরস্কার জিতেছে বাংলাদেশের এই দুই সিনেমা।

উৎসবের এবারের আসরে অফিশিয়াল সিলেকশন বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে রইদ। এই সাফল্যে উচ্ছ্বসিত সিনেমাটির কলাকুশলীরা। এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কার জিতেছিল সিনেমাটি। উল্লেখ্য, আগামী বছর অনুষ্ঠেয় অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রইদ।

সাদু ও তার স্ত্রী পাগলির সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান উঠে এসেছে রইদ সিনেমায়। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক জীবনবোধ তুলে ধরা হয়েছে এতে। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম দিয়ে রইদের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল। পরে গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

অন্যদিকে, এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় আদার ন্যারেটিভ বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার জিতেছে দেলুপি। এখন পর্যন্ত দেশের বাইরের ১০টি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। এটি দেলুপির দ্বিতীয় আন্তর্জাতিক স্বীকৃতি। এর আগে উত্তর আমেরিকার তাসভীর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জেতেন দেলুপির অভিনেতা চিরনজিৎ বিশ্বাস। সিনেমাটি গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

‘দেলুপি’ সিনেমার দৃশ্য
‘দেলুপি’ সিনেমার দৃশ্য

দক্ষিণাঞ্চলের মানুষের জীবনের ঘটনা, বাস্তবতা আর সম্পর্কের গল্প নিয়ে দেলুপি বানিয়েছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। সিনেমাটিতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম এবং জীবন বদলানোর গল্প তুলে ধরা হয়েছে। এর অভিনয়শিল্পীরা সবাই খুলনার স্থানীয় বাসিন্দা। দেলুপির আগে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ নির্মাণ করে প্রশংসিত হন তাওকীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত