
বলিউড অভিনেত্রী ফাতিমা সানার সঙ্গে মেগাস্টার আমির খানের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন খোদ আমির খান। তিনি ফাতিমা সানার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, তিনি তাঁর বাবাও না, বয়ফ্রেন্ডও না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বলিউড তারকা আমির খান স্মরণ করেছেন, ২০১৮ সালের পিরিয়ড ড্রামা ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয়ের জন্য নারী শিল্পী খুঁজে পেতে নির্মাতাদের কতটা বেগ পেতে হয়েছিল। যশ রাজ ফিল্মসের এই প্রকল্পে অভিনয়ের প্রস্তাব দিয়েও দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ অনেক শীর্ষস্থানীয় অভিনেত্রীই ফিরিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য সিনেমাটিতে ফাতিমা সানা শেখকে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে ‘দঙ্গল’ সিনেমায় আমির খান ও ফাতিমা সানা শেখ বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ঠিক এ কারণেই ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় দুজনকে একসঙ্গে নেওয়া নিয়ে দ্বিধায় ছিলেন আদিত্য চোপড়া ও বিজয় আচার্য। ‘দঙ্গল’-এর সেই ‘মেয়ে’র সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’-এ একসঙ্গে অভিনয়ের বিষয়ে ‘দ্য ললনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন আমির খান।
আমির খান বলেন, ‘এটা আদিত্য আর ভিক্টরের জন্য তখন আরেকটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছিল। কোনো অভিনেত্রীই সিনেমাটির জন্য রাজি হচ্ছিলেন না। দীপিকা, আলিয়া, শ্রদ্ধা—সবাই না বলে দিয়েছিলেন। পুরো ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবাইকে অফার করা হয়েছিল, কিন্তু ওই একটা চরিত্রে কাউকে নিশ্চিত করা যাচ্ছিল না।’
তিনি বলেন, ‘শেষ পর্যন্ত ভিক্টর ফাতিমাকে নেওয়ার সিদ্ধান্ত নেন। ভিক্টর আর আদিত্য বলেন, “ফাতিমার অডিশন ভালো হয়েছে, তাঁকেই নেওয়া যাক। তবে তোমার সঙ্গে ওর কোনো রোমান্সের দৃশ্য থাকবে না, কারণ সে তো তোমার মেয়ে ছিল (দঙ্গল সিনেমায়)। এবার যদি সে তোমার প্রেমিকা হয়, তাহলে দর্শক মেনে নেবে না”।’
তবে আমির খানের এই বিষয়ে ভিন্ন মত। তিনি বলেন, ‘আমি এসব বিশ্বাস করি না। আমি তো আসল জীবনে তাঁর বাবা না, আর না আমি তাঁর প্রেমিক। আমরা তো একটা সিনেমা বানাচ্ছি, ব্যাস।’
অমিতাভ বচ্চন ও রাখির উদাহরণ টেনে আমির খান বলেন, ‘বচ্চন সাহেব তো রাখির সঙ্গে কখনো প্রেমিক, কখনো আবার ছেলে হয়েও অভিনয় করেছেন। ওয়াহিদা রেহমানজির সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এ রকম বহুবার হয়েছে। আমরা যদি বলি দর্শক মেনে নেবে না, তাহলে তাদের আমরা হেয় করছি।’

দেনা পাওনা ধারাবাহিকে প্রথমবার জুটি হন অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। ধারাবাহিকটির খাইরুল ও নিপা চরিত্রে তাঁদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। এবার এই জুটিকে নিয়ে তৈরি হয়েছে ‘চেনা অচেনা’ নামের মিনি সিরিজ।
৭ ঘণ্টা আগে
বিরল স্নায়বিক ব্যাধির কারণে ২০২৪ সালে স্বাভাবিক শ্রবণশক্তি হারিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। এত দিনে সেই সমস্যার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তাই নতুন কোনো গানও গাইতে পারছেন না তিনি।
১০ ঘণ্টা আগে
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। প্রতিবছর দুই ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার হিড়িক পড়ে, দর্শকেরাও এ সময়টা ভিড় জমান সিনেমা হলে। আশায় বুক বাঁধেন হলমালিকেরা। বন্ধ থাকা অনেক সিনেমা হল চালু হয় ঈদের মৌসুমে।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের হাউস অব কমন্সে হয়ে গেল উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের গাওয়া বাংলা গান ‘প্রেম পিয়াসা’-এর প্রকাশনা উৎসব। অনুষ্ঠানটি আয়োজন করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুথ ক্যাডবেরি এবং সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ।
১৯ ঘণ্টা আগে