Ajker Patrika

কলকাতায় যেমন চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা
কলকাতায় যেমন চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং
কলকাতায় শুটিং চলাকালে শাকিব খান। ছবি: সংগৃহীত

ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা মুক্তি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ও নির্মাতা আবু হায়াত মাহমুদ বদ্ধপরিকর—এই রোজার ঈদেই মুক্তি দেওয়া হবে প্রিন্স। এদিকে রোজা শুরু হয়ে গেছে। এগিয়ে আসছে ঈদ। তাই দম ফেলার সুযোগ নেই প্রিন্স টিমের। দিনরাত এক করে চলছে শুটিং।

প্রিন্স টিম এখন শুটিং করছে কলকাতায়। ভিসা জটিলতা কাটিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতে সেখানে ক্যামেরা ওপেন হয়। অনেকটা গোপনেই চলছে কাজ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কলকাতা শহরজুড়ে ছুটে বেড়াচ্ছে প্রিন্স সিনেমার টিম। কখনো অ্যাকশন দৃশ্যে নায়ক শাকিব খান মারামারি করছেন শত্রুদের সঙ্গে। কখনো বাইকে চেপে স্ট্যান্ট দিচ্ছেন। কখনো আবার দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে ক্যামেরাবন্দী হচ্ছেন। কলকাতার রাস্তায় শাকিবকে দেখে উচ্ছ্বসিত স্থানীয়রা, ভিড় করে দেখছে শুটিং।

শুটিংয়ের সময়ের দুটি ছবি প্রকাশিত হয়েছে সম্প্রতি। ছবি দুটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে দেখা যাচ্ছে, নায়কের চুলে লালচে আভা, রুক্ষ ভাব। মুখে ঘন দাড়ি-গোঁফ। বুকখোলা জিনসের জ্যাকেটের ভেতর থেকে ফুল ছাপা শার্টের উঁকিঝুঁকি। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, একই কস্টিউমে মোটরসাইকেলে বসে আছেন শাকিব।

প্রিন্স সিনেমায় নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে দেখা যাবে শাকিব খানকে। সেই গল্পের শুটিং চলছে কলকাতায়। এরপর সিনেমার টিম চলে যাবে হায়দরাবাদে, শুটিং করার কথা আছে সেখানেও।

প্রযোজনাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২-১৪ ঘণ্টা কখনো এর চেয়েও বেশি সময় নিয়ে টানা শুটিং হচ্ছে প্রিন্স সিনেমার। বেশির ভাগ দৃশ্যেই শট দিতে হচ্ছে শাকিবকে। তবে কোনো বিরক্তি নয়, প্রতিটি শটেই মনোযোগ ধরে রেখে শট দিচ্ছেন তিনি। আগেই জানা গিয়েছিল, এই সিনেমায় আছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। এবার জানা গেল, প্রিন্সে থাকছেন আরও বেশ কয়েকজন টালিউড অভিনয়শিল্পী। তালিকায় আছেন লোকনাথ দে, পিয়ান সরকার ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।

প্রিন্স সিনেমায় মাফিয়া চরিত্রে অভিনয় করছেন লোকনাথ দে। তাঁর অভিনীত চরিত্রটিই শাকিবকে নিয়ে আসবে আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার দুনিয়ায়। পিয়ান সরকার অভিনয় করছেন লোকনাথের স্ত্রীর চরিত্রে; যে লোকনাথের মৃত্যুর পর তার সাম্রাজ্য দখল করে। আর মৃত্যুঞ্জয় অভিনীত চরিত্রটি গ্যাংস্টার হয়ে উঠতে প্রশিক্ষণ দেবে শাকিবকে। প্রিন্সের ক্যামেরা চালাচ্ছেন বলিউডের বাঙালি চিত্রগ্রাহক অমিত রায়। তাঁর সঙ্গে আরও আছেন শৈলেশ অবস্থী। টালিউডের অনেক সিনেমায় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত