Ajker Patrika

আইনি ব্যবস্থা নিচ্ছেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৪৫
আইনি ব্যবস্থা নিচ্ছেন মেহজাবীন
মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানান নানা বিষয়ে তাঁকে টার্গেট করে ইচ্ছে করে মানহানির চেষ্টা চলছে। এবার মেহজাবীন জানালেন, মানহানিকর সংবাদ প্রকাশ এবং তাঁর মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।

এ বিষয়ে ফেসবুকে মেহজাবীন লেখেন, ‘সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে আমি ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। এ প্রসঙ্গে কয়েকটি বিষয় পরিষ্কারভাবে জানাতে চাই। প্রথমত, উল্লেখিত কোনো ঘটনায় আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি; আমার লাগেজ বা হ্যান্ডব্যাগে উল্লেখিত অভিযোগের কিছু পাওয়ার তো প্রশ্নই ওঠে না। যেসব কথা ছড়ানো হচ্ছে, সে রকম কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। বিমানবন্দরের কোনো কর্মকর্তা আমাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদও করেননি। আমাকে জিজ্ঞাসাবাদ করার, আমার লাগেজ থেকে কিছু অবৈধ কিছু বের হওয়ার কোনো ছবি, ভিডিও বা কোনো ধরনের প্রমাণ কি আছে?’

মাদক বহনের ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে মেহজাবীন লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মানহানি এখন খুব স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। যে খবরটি ছড়ানো হয়েছে, তার নিরিখে একটিও প্রমাণ কেউ দিতে পারেনি যে আমার লাগেজে অবৈধ কিছু পাওয়া গেছে। অথচ ক্লিকবেইটের জন্য আমার ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কারোরই এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া কাম্য নয়। আমার বিরুদ্ধে এই সকল অভিযোগ অমূলক এবং আমি আবারও বলছি, এই ধরনের অপ্রীতিকর ঘটনায় আমাকে জড়িয়ে যা প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে আমার কোনোই সংশ্লিষ্টতা নেই।’

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমের সংবাদে প্রকাশিত হয়, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন, তাঁর স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাঁদের ছেড়ে দেন। এমন খবর প্রকাশ হওয়ার পর কটাক্ষের মুখে পরেন মেহজাবীন চৌধুরী। এই ঘটনায় মেহজাবীন প্রতিবাদ করলেও এখনো কোনো মন্তব্য করেননি আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত