মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
-85d541-480x270.webp)
কাউরীবুড়ির মন্দির (বাংলা সিরিজ)
মুক্তি: হইচই (৬ নভেম্বর)
অভিনয়: জীতু কামাল, শোলাঙ্কি রায়, পাওলি দাম, শাশ্বত চট্টোপাধ্যায়
গল্পসংক্ষেপ: একসময়ের প্রিয় মানুষটি বিপদে পড়লে জঙ্গলে পা রাখে জ্যোতিষী ভবতারন। সেখানে প্রাচীন সম্প্রদায়ের একজন মানুষ ভয়ংকর এক দেবতার প্রতি পূজার আয়োজন সাজিয়েছে। সেই আচার শুরু হওয়ার আগেই ভবতারনকে খুঁজে বের করতে হবে বহু শতাব্দী ধরে লুকিয়ে থাকা এক ভয়াবহ রহস্য।
পসিবল লাভ (কোরিয়ান সিনেমা)
মুক্তি: নেটফ্লিক্স (৬ নভেম্বর)
অভিনয়: জং দো ইয়োন, সল খিয়োং দো, জো ইন সং, জো ইয়ো জং
গল্পসংক্ষেপ: দুই দম্পতিকে ঘিরে গল্প। একটি তথ্যচিত্রের কাজ করতে গিয়ে এই চারজনের জীবন একই বিন্দুতে এসে মেলে। দুটি ভিন্ন শ্রেণির মানুষের জীবন, বঞ্চনা, শ্রমজীবী মানুষের ট্রমা এবং অসম সমাজে প্রকৃত ভালোবাসা ফুটে উঠেছে সিনেমায়।
ক্যাম্পাস ড্রাইভার্স (ফ্রেঞ্চ সিরিজ)
মুক্তি: প্রাইম ভিডিও (৬ নভেম্বর)
অভিনয়: কারমেন কাসোভিৎজ, বাপতিস্তে মাসেলিন
গল্পসংক্ষেপ: গল্পের একদিকে রয়েছে তরুণী লোইস, বেলরোজ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে সে। অন্যদিকে রয়েছে ক্যাম্পাসের জনপ্রিয় অ্যাপের উদ্ভাবক লেন, কোনো ধরনের প্রেমের সম্পর্কে বিশ্বাসী নয় সে। সম্পূর্ণ ভিন্ন চিন্তার এই দুজনকে কাছাকাছি নিয়ে আসে অপ্রত্যাশিত এক সাক্ষাৎ। শুরু হয় নতুন এক রোমান্সের গল্প।
স্টিক সিজন ২ (ইংরেজি সিরিজ)
মুক্তি: অ্যাপল টিভি (৪ নভেম্বর)
অভিনয়: ওয়েল উইলসন, পিটার ড্যাগার, রিয়া সিহর্ন
গল্পসংক্ষেপ: সাবেক গলফার প্রাইসের তরুণ শিষ্য স্যান্টি পেশাদার গলফে নামার সিদ্ধান্ত নেয়। গুরু প্রাইসকেও ছেড়ে যায় সে। অন্যদিকে প্রাইস ৫৫ বছর বয়সে ইউএস ওপেন জেতার প্রায় অসম্ভব এক স্বপ্ন নিয়ে আবার মাঠে নামার সিদ্ধান্ত নেয়। আলাদা পথে হাঁটা গুরু-শিষ্যের সম্পর্কের টানাপোড়েন—এই সিজনের গল্পের মূল উপজীব্য।
হাইওয়ান (হিন্দি সিনেমা)
মুক্তি: সনিলিভ (৬ নভেম্বর)
অভিনয়: সাইফ আলী খান, অক্ষয় কুমার, বোমান ইরানি
গল্পসংক্ষেপ: দৃষ্টিহীন কেয়ারটেকার ও মার্শাল আর্টিস্ট শ্যাম। সাবেক এক বিচারক খুন হলে সেই দায় চাপে শ্যামের ওপর। অন্যদিকে, প্রতিশোধপরায়ণ খুনির পরবর্তী লক্ষ্য হয়ে ওঠে নিহত বিচারকের মেয়ে নন্দিনী। পুলিশ ও খুনির হাত থেকে বাঁচতে এবং নন্দিনীকে রক্ষা করতে নিজের প্রখর ইন্দ্রিয় ও মার্শাল আর্টের ওপর ভরসা করে লড়াইয়ে নামে শ্যাম।
ব্ল্যাক ডাভস সিজন ২ (ব্রিটিশ স্পাই সিরিজ)
মুক্তি: নেটফ্লিক্স (৫ নভেম্বর)
অভিনয়: কিরা নাইটলি, বেন হুইশ, সারাহ ল্যাঙ্কাশায়ার
গল্পসংক্ষেপ: নতুন সিজনে দেখা যাবে, হেলেন ওয়েব তার স্বামীর কাছ থেকে নিজের গুপ্তঘাতক পরিচয়টি লুকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তার স্বামী যখন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন এই সত্য গোপন রাখা হেলেনের জন্য আরও কঠিন হয়ে ওঠে। স্বামীর রাজনৈতিক সাফল্যের কারণে পাদপ্রদীপের আলোয় থাকা হেলেনের গোপন মিশনগুলো চালানোর চরম টানাপোড়েন নিয়ে দ্বিতীয় সিজনের গল্প।









