Ajker Patrika

ডলি সায়ন্তনী ও রাকিব মুসাব্বিরের নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ডলি সায়ন্তনী ও রাকিব মুসাব্বিরের নতুন গান
ডলি সায়ন্তনী ও রাকিব মুসাব্বির। ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরে কানাডায় থাকছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। দেশ থেকে দূরে থাকলেও থেমে নেই তাঁর সংগীতচর্চা। কানাডা ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন কনসার্টেও অংশ নিচ্ছেন তিনি, প্রকাশ করছেন নতুন গান। এই ধারাবাহিকতায় গতকাল প্রকাশ পেল ডলি সায়ন্তনীর গাওয়া নতুন দ্বৈত কণ্ঠের গান ‘সয় না সয় না পরান আমার’। গানটিতে ডলি সায়ন্তনীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাকিব মুসাব্বির।

সয় না সয় না পরান আমার গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা লিখেছেন, সুর ও সংগীত আয়োজন করেছেন রাকিব মুসাব্বির। ভিডিও নির্দেশনা দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন। ভিডিওতে মডেল হয়েছেন দেব ও সুবর্ণা। অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন এই গান।

এ প্রসঙ্গে রাকিব মুসাব্বির বলেন, ‘গানটি প্রায় চার মাস আগে রেকর্ডিং করেছি। নতুন গান নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমার। সেই পরিকল্পনারই অংশ এই গান। খুব ভালো লাগছে ডলি সায়ন্তনীর মতো গুণী শিল্পীর সঙ্গে গান করতে পেরে। আর ভালো লাগছে দেশের শ্রোতাদের ডলি সায়ন্তনীর গাওয়া গান উপহার দিতে পেরে।’

ডলি সায়ন্তনীকে নিয়ে আরও গান করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে রাকিব মুসাব্বির বলেন, ‘অনুপম মিউজিক ও সিডি চয়েজের সঙ্গে আমার বেশ কিছু নতুন গানের ব্যাপারে চুক্তি হয়েছে। তারই অংশ হিসেবে ডলি সায়ন্তনীর সঙ্গে আমার এই দ্বৈত গান। শুধু ডলি সায়ন্তনীই নন, আরও কয়েকজন গুণী শিল্পীর সঙ্গে আমার গাওয়া গান প্রকাশ পাবে। এখনই বিস্তারিত জানাতে চাইছি না। একে একে গানগুলো প্রকাশ করা হবে।’

রাকিব মুসাব্বির জানিয়েছেন, গানটির কম্পোজিশন ও তাঁর অংশের ভয়েস রেকর্ডিং হয়েছে বাংলাদেশে। গানের কথা ও সুর শুনেই পছন্দ করেছেন ডলি। তিনি কণ্ঠ দিয়েছেন কানাডা থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত