Ajker Patrika

‘রইদ’ সিনেমায় কানাই দাস বাউলের শেষ গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৮: ০৯
‘রইদ’ সিনেমায় কানাই দাস বাউলের শেষ গান
কানাই দাস বাউল। ছবি: সংগৃহীত

দৃষ্টিহীন হয়েও বাউলসংগীত ও আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিবেদিত করেছিলেন পশ্চিমবঙ্গের কানাই দাস বাউল। তাঁর কণ্ঠে যেমন ছিল বেদনা ও মানবতার দর্শন, তেমনি ছিল আধ্যাত্মিক গভীরতা। একতারা হাতে গ্রাম থেকে গ্রাম, মেলা ও আখড়ায় ঘুরে তিনি গেয়েছেন মানবতার গান—‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’সহ বহু জনপ্রিয় গান। ১৮ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই বাউল।

গত বছর নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন কানাই দাস। কোনো সিনেমায় এটাই তাঁর প্রথম ও শেষ প্লেব্যাক। তবে সিনেমায় নিজের প্লেব্যাক শুনে যেতে পারলেন না কানাই দাস বাউল। এ নিয়ে মন খারাপ নির্মাতা মেজবাউর রহমানের সুমনের।

‘হাওয়া’ সিনেমায় মেজবাউর রহমান সুমন ব্যবহার করেন বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি। মুক্তির অপেক্ষায় থাকা রইদ সিনেমায় থাকছে কানাই দাস বাউলের একটি গান। তবে কোন গান, তা এখনই বলতে চাইলেন না নির্মাতা। জানালেন, শিগগির প্রকাশ পাবে গানটি।

সুমন জানান, গত বছর রইদ সিনেমার জন্য গানটি রেকর্ড করেন কানাই দাস বাউল। গানটি প্রস্তুত হওয়ার পর শুনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা আর হলো না। সুমন বলেন, ‘কানাই দাস বাউল চলে গেলেন, আমাদের কাছে রেখে গেলেন তাঁর গাওয়া শেষ গান! গত বছর রইদের গান রেকর্ডিংয়ের সময় তাঁর সঙ্গে কথা হচ্ছিল। বললাম, আপনি কি সিনেমায় আগে গান করেছেন? বললেন, কেউ ডাকেনি তো! মাতান চাঁদ গোঁসাইয়ের এই গান তাঁর কণ্ঠে বহুবার শুনেছি। কিছুদিন পর গানটি প্রকাশ পাবে। শেষ হওয়ার পর শুনতে চেয়েছিলেন। আর শোনা হলো না তাঁর।’

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে রইদের প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। রইদ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত