
অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন চঞ্চল চৌধুরী। যেকোনো অনুষ্ঠানে গান শোনানোর অনুরোধ তাঁকে রাখতেই হয়। বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান কাভার করতেও দেখা গেছে তাঁকে। এবার প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গাইলেন চঞ্চল চৌধুরী। ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমায় শোনা যাবে চঞ্চলের গাওয়া গান। এর মাধ্যমে এবারই প্রথম সিনেমার প্লেব্যাকে পাওয়া যাবে চঞ্চলকে।
শেকড় সিনেমার দুটি গান গেয়েছেন চঞ্চল। গতকাল সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে চঞ্চল চৌধুরীর রিহার্সেলের দুটি ছবি ফেসবুকে শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘শেকড় হলো ব্রাত্য বসুর চিরন্তন একটি প্রেমের সিনেমা। এখন পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এ সিনেমায় প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী একাধিক গান রেকর্ড করেছেন। এই সিনেমা দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে টালিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের।’
চঞ্চল চৌধুরী আজকের পত্রিকাকে জানান, শেকড় সিনেমার জন্য দুটি জনপ্রিয় বাউলগান নতুন করে গেয়েছেন তিনি। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। গান দুটি সিনেমায় ব্যবহারের আইডিয়া চঞ্চলই দেন নির্মাতাকে। সে ঘটনা জানিয়ে অভিনেতা বলেন, ‘সিনেমায় গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান দুটি ব্যবহার করা হয়েছে। যখন শুটিং করছিলাম, তখনই মনে হয়েছিল এখানে গান থাকলে ভালো হয়। পরিচালকের কাছে জানতে চেয়েছিলাম, এখানে কোনো গান ব্যবহৃত হবে কি না। পরিচালক সম্মতি দিলে তাঁকে দুটি গান সাজেস্ট করি। তিনি দুটি গানই রাখার ব্যাপারে মত দেন। সঙ্গে শর্ত দেন, গান দুটি আমাকেই গাইতে হবে। পরে ডাবিং শেষ হওয়ার পর গান দুটিতে কণ্ঠ দিই।’
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে তৈরি হচ্ছে শেকড়। এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। শেকড়ে চঞ্চলের চরিত্রের নাম ইন্দ্র, যে কারখানায় কাজ করে। তার বাবা স্মৃতিভ্রংশের অসুখে ভুগছে। চঞ্চল চৌধুরীর বাবাও মৃত্যুর আগে এমন সমস্যায় ভুগেছেন। এ কারণে শেকড় সিনেমায় কাজ করতে আকৃষ্ট হয়েছেন বলে জানিয়েছিলেন অভিনেতা।
পশ্চিমবঙ্গের অভিনেতা, রাজনীতিবিদ ও নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় এবারই প্রথম অভিনয় করলেন চঞ্চল চৌধুরী। এর আগে মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামে দুটি সিনেমা বানিয়েছেন ব্রাত্য বসু। গত বছরের অক্টোবরে শেকড়ের শুটিং করেন চঞ্চল। এতে আরও অভিনয় করেছেন লোকনাথ দে, সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার প্রমুখ। এ বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী পাঁচ বছর দলটি নেতৃত্ব দেবে বাংলাদেশকে। নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন শোবিজ তারকারা।
২ ঘণ্টা আগে
আজ পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দিনব্যাপী প্রচার করবে বর্ণিল অনুষ্ঠানমালা। ঋতুরাজ বসন্তের আগমন এবং ভালোবাসার আবহে সাজানো হয়েছে এসব অনুষ্ঠান।
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বায়োপিকে যুক্ত হলেন বলিউড তারকা ফারহান আখতার। কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প নিয়ে বায়োপিক বানাচ্ছেন ‘আমেরিকান বিউটি’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডিস। এতে বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করবেন ফারহান।
২ ঘণ্টা আগে
ডন-১ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। জমজমাট অ্যাকশন আর বুদ্ধির মারপ্যাঁচের সেই সিনেমায় দর্শকদের মাতিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। সঙ্গে পর্দা কাঁপিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর কেটে গেছে ১৪ বছর। ডন সিরিজের পরবর্তী ছবি কবে আসবে, সে অপেক্ষা এখনো ফুরায়নি দর্শকদের।
১৩ ঘণ্টা আগে