Ajker Patrika

আইনি জটিলতার মধ্যেই ঈদে ‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আইনি জটিলতার মধ্যেই ঈদে ‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা
খায়রুল বাসার ও মাসুমা রহমান নাবিলা। ছবি: সংগৃহীত

২০২১-২২ অর্থবছরে ‘বনলতা সেন’ সিনেমার জন্য সরকারি অনুদান পান মাসুদ হাসান উজ্জ্বল। গত দুই বছর ধরে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছে। এর মধ্যে নানা বিষয় নিয়ে নির্মাতার সঙ্গে সহ-প্রযোজক তরুণ মজুমদারের মতানৈক্য তৈরি হয়েছে। আদালতেও গড়িয়েছে বিষয়টি। এই আইনি জটিলতার মধ্যেই গতকাল পোস্টার প্রকাশ করে বনলতা সেন ঈদে মুক্তির ঘোষণা দিলেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।

নির্মাতা উজ্জ্বল জানান, আদালতের নির্দেশনা মেনেই বনলতা সেন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে নেতিবাচক কোনো বিষয়কে গুরুত্ব না দিয়ে শুধু সিনেমা নিয়েই ভাবছেন তিনি। পরিকল্পনা করছেন, কীভাবে সিনেমাটি বেশিসংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়।

মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘বনলতা সেন একটি বিশেষ সিনেমা। জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা অনেক বেশি দায়বদ্ধতার। রিসার্চ, প্রস্তুতি, উপযুক্ত অভিনয়শিল্পী খোঁজা—পুরো প্রক্রিয়া অনেক কঠিন ছিল। এই সিনেমার পেছনে ১০ বছর সময় ব্যয় করেছি। তাই অন্য বিষয়ে হাওয়া না লাগিয়ে সিনেমা মুক্তির দিকে মনোযোগী হতে চাই। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নির্দেশনা মেনেই বনলতা সেন মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’

সহ-প্রযোজক তরুণ মজুমদারের অভিযোগ, বনলতা সেন সিনেমার জন্য তাঁর কাছ থেকে ৬১ লাখ টাকা নিয়েছেন নির্মাতা উজ্জ্বল। কিন্তু তাঁকে বাদ দিয়েই সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেন্সরে জমা দেওয়ার সময় তাঁর নাম দেওয়া হয়নি। এ নিয়ে সেন্সর বোর্ডে অভিযোগ জানিয়েছেন তরুণ। এ ছাড়া উজ্জ্বলের বিরুদ্ধে হিসাবের গরমিলের অভিযোগও করেছেন তিনি।

তরুণের অভিযোগের বিষয়ে উজ্জ্বল বলেন, ‘তাঁর সঙ্গে আমার ব্যবসায়িক চুক্তি আছে। অথচ সিনেমা মুক্তির আগেই তিনি প্রতারণার অভিযোগ করে আদালতে গেছেন। সর্বশেষ শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছেন, সিনেমা রিলিজ হবে, এরপর লাভ ও ক্ষতি দুটোই তিনি বুঝে নেবেন। আর সরকারি অনুদানের সিনেমার ক্ষেত্রে যিনি অনুদান পান, প্রযোজক হিসেবে তাঁর নাম যায়। তবে এসব নিয়ে আর কথা বলতে চাই না। আমি চাই সবাই আমার সিনেমাটি নিয়ে কথা বলুক।’

জীবনানন্দ দাশের কবিতার চরিত্র বনলতা সেনকে ঘিরে সিনেমাটি বানিয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশ চরিত্রে আছেন খায়রুল বাসার। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।

নির্মাতা জানান, পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো বনলতা সেনের আনুষ্ঠানিক প্রচার। ঈদের আগে সিনেমার টিজার ও ট্রেলারের পাশাপাশি প্রকাশ পাবে দুটি গান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রীর পরকীয়ায় স্ট্যাটাস দিয়ে ধনাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

প্রাথমিকের ‘মিড-ডে মিলে’ অনিয়ম, বিভাগীয় মামলার হুঁশিয়ারি মন্ত্রণালয়ের

চীন ছেড়েই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে সতর্ক করলেন ট্রাম্প

‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’

যে কারণে উড়োজাহাজে ওঠার আগে চীনা সবকিছু ফেলে দিতে হলো ট্রাম্পের প্রতিনিধিদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত