Ajker Patrika

নতুন ব্যাটম্যানে রহস্যময় চরিত্রে স্কারলেট

বিনোদন ডেস্ক
নতুন ব্যাটম্যানে রহস্যময় চরিত্রে স্কারলেট
স্কারলেট জোহানসন। ছবি: সংগৃহীত

গোথাম সিটির অন্ধকার জগতে সবার আশার আলো ব্রুস ওয়েন বা ব্যাটম্যান। বিশেষ কোনো অলৌকিক ক্ষমতা না থাকলেও যেভাবে পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে অপরাধীদের মোকাবিলা করে ব্যাটম্যান, তাতে এই সুপারহিরো চরিত্রটি দিন দিন হয়ে উঠেছে পপ কালচারের অনন্য প্রতীক।

২০২২ সালে ভিন্ন এক ব্যাটম্যানকে পর্দায় হাজির করেন পরিচালক ম্যাট রিভস। তাঁর ‘দ্য ব্যাটম্যান’ নামের সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যায় রবার্ট প্যাটিনসনকে। বিশ্বজুড়ে প্রায় ৭৭২ মিলিয়ন ডলার আয় করেছিল সিনেমাটি। তখন থেকেই দ্বিতীয় পর্বের অপেক্ষা ভক্তদের। এরই মধ্যে নতুন মুখ আর নতুন শক্তি নিয়ে দ্য ব্যাটম্যানের সিকুয়েলের কাজ শুরু করেছেন ম্যাট রিভস।

দ্য ব্যাটম্যানের দ্বিতীয় পর্বেও ব্রুস ওয়েন বা ব্যাটম্যান হিসেবে রবার্ট প্যাটিনসন ফিরবেন, এ কথা অনেকটা জানাই ছিল। তবে পরিচালক চমক দেখালেন সিনেমার অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পী নির্বাচনে। পরিচালক ম্যাট রিভস তাঁর এই অন্ধকার ও রহস্যময় গোথাম সিটিতে যুক্ত করছেন হলিউডের দুই শক্তিশালী তারকাকে—স্কারলেট জোহানসন ও সেবাস্টিয়ান স্ট্যান। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে সফল যাত্রা শেষে এবার তাঁরা পা রাখছেন ডিসির এই ডার্ক থ্রিলার ফ্র্যাঞ্চাইজিতে।

‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’তে স্কারলেট জোহানসন কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো জানানো হয়নি। গুঞ্জন উঠেছে, ক্যাটওম্যান চরিত্রে থাকবেন তিনি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গোথাম সিটির অত্যন্ত প্রভাবশালী ও রহস্যময়ী এক নারীর চরিত্রে অভিনয় করবেন স্কারলেট জোহানসন। গিল্ডা ডেন্ট চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।

অন্যদিকে সেবাস্টিয়ান স্ট্যানকে দেখা যাবে গোথাম সিটির তুখোড় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হার্ভি ডেন্ট চরিত্রে। শহরের বিচারব্যবস্থা ও অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করলেও পরবর্তী সময়ে এই হার্ভি ডেন্টই ভয়ংকর ভিলেন ‘টু-ফেস’-এ পরিণত হবে। স্কারলেট জোহানসন ও সেবাস্টিয়ান স্ট্যান ছাড়াও দ্য ব্যাটম্যান: পার্ট টু সিনেমায় যুক্ত হয়েছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত চার্লস ডান্স, ব্রায়ান টাইরি হেনরি, সেবাস্তিয়ান কচ, জেমি লসন ও গিল পেরেজ-আব্রাহাম।

বর্তমানে যুক্তরাজ্যে দ্য ব্যাটম্যান: পার্ট টুর শুটিং চলছে। রবার্ট প্যাটিনসনের সঙ্গে আগের পর্বের অভিনেতা কলিন ফ্যারেল, জেফরি রাইট ও অ্যান্ডি সার্কিস যোগ দিয়েছেন শুটিংয়ে। পরিচালক ম্যাট রিভস জানিয়েছেন, সিকুয়েলটি প্রথম পর্বের চেয়েও বেশি গভীর ও ইনভেস্টিগেটিভ হবে। ব্যাটম্যান এবার আরও জটিল অপরাধের মুখোমুখি হবে। ২০২৭ সালের ১ অক্টোবর মুক্তি পাবে দ্য ব্যাটম্যান: পার্ট টু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত