
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘রামিসা এসে যোগ দিল হঠাৎ আছিয়ার সনে/ তনু হত্যার বিচার হয়নি এখনো/ নুসরাত আছে লাইনে’—এমন কথায় সাজানো গানটির সুরও করেছেন মাহবুবুল খালিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহবুবুল খালিদ, টুটুল, সারেগামাপা খ্যাত অবন্তি সিঁথি ও সেরাকণ্ঠের রাফসান। কোরাস অংশে কণ্ঠ দিয়েছেন সংগীতা, নিতু, সুরভী রোমান ও রুশো। ১৫ আগস্ট শনিবার গানটি প্রকাশিত হয়েছে খালিদ সংগীত নামের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।
রামিসাদের বিচার গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে এআইয়ের সহযোগিতায়। ভিডিওতে অংশ নিয়েছেন মাহবুবুল খালিদ, রাফসান, টুটুল, ইনাইনা ও ইচ্ছা। ভিডিও বানিয়েছেন সাইফুর রহমান সুজন।
নতুন এই গান নিয়ে মাহবুবুল খালিদ বলেন, ‘নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলাকে আমার শিল্পচর্চার অন্যতম দায়িত্ব বলে মনে করি। রামিসা হত্যার ঘটনা সারা দেশের মানুষের মতো আমাকেও কাঁদিয়েছে। গানটি আরও আগেই লেখা হয়েছে। সুর করার পর মনে হয়েছে গানটিতে আরও শিল্পীর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এর আবেদনটা পরিপূর্ণতা পাবে। অবন্তি সিঁথি ভালো গান গায়, রাফসান ও টুটুলকেও এই গানের জন্য পারফেক্ট মনে হয়েছে। ভিডিওতে পুরো গানের আবেদনটা সঠিকভাবে তুলে ধরার লক্ষ্যেই এআইয়ের সহযোগিতা নেওয়া হয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে, সেই সঙ্গে গানের কথা ও বিষয়বস্তু মানুষের বিবেককে সামান্যতম নাড়া দিলেও আমাদের চেষ্টা সার্থক হয়েছে বলে ধরে নেব।’
আগেও সমাজের নানা অসংগতি, অন্যায় ও মানবিক সংকট নিয়ে গান লিখেছেন মাহবুবুল খালিদ। এ ছাড়া দেশপ্রেম, প্রকৃতি, ধর্মীয় ও সামাজিক উৎসব, জনসচেতনতা কিংবা খেলাধুলা নিয়ে গান লিখেছেন তিনি। গণসংগীত থেকে লোকগীতি, হামদ-নাত, শিশুতোষ, দেশাত্মবোধক, প্রেম কিংবা আধ্যাত্মিক ভাবনা—বিভিন্ন ধারায় রয়েছে তাঁর গানের বিচরণ।
রাজধানীর মিরপুরে নির্যাতিত শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তাঁর লেখা ‘আদুরি’ গানে যেমন উঠে এসেছে নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি, তেমনই সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানটিও সাড়া ফেলেছিল। মাগুরার শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনা নিয়ে তিনি লিখেছেন ‘মাগুরার ফুল’। এই গানের জন্য বাইফা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক নানা সংকটের পাশাপাশি ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ নিয়েও গান রয়েছে তাঁর।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
৩ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
৫ ঘণ্টা আগে
বছরের দুই ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সিনেমার দাপট। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা আগেভাগেই তাঁর শিডিউল নিয়ে রাখেন। আগামী বছরের দুই ঈদের জন্যও এখন থেকেই প্রস্তুত ঢালিউড সুপারস্টার। রোজার ঈদের সিনেমা চূড়ান্ত হওয়ার পর এবার ঘোষণা এল কোরবানির ঈদের সিনেমার।
৫ ঘণ্টা আগে
নতুন সিনেমা ‘লজ্জা’র জন্য নিজেকে রীতিমতো ভেঙে গড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসেই জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার জানা গেল, পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও করিয়েছেন এই গ্ল্যামার গার্ল।
৫ ঘণ্টা আগে