Ajker Patrika

ডিজিটাল যুগে সিডি ও ক্যাসেটের নস্টালজিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ডিজিটাল যুগে সিডি ও ক্যাসেটের নস্টালজিয়া
(বাঁ থেকে) শাহরিয়া আখতার বুলু, হামিন আহমেদ, শহীদ মাহমুদ জঙ্গী ও জয় শাহরিয়ার। ছবি: সংগৃহীত

স্ট্রিমিং অ্যাপের এই যুগে গান এখন ভার্চুয়াল জগতে বন্দী। তবে এই ডিজিটাল যুগে শ্রোতাদের, বিশেষ করে নতুন প্রজন্মকে সিডি-ক্যাসেটের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন জয় শাহরিয়ার। দীর্ঘ সাত বছর পর প্রকাশ পেয়েছে তাঁর পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি সিডি, ক্যাসেট ও বুকলেট আকারে ফিজিক্যাল ফরম্যাটেও অ্যালবামটি নিয়ে এসেছেন জয় শাহরিয়ার।

গত শুক্রবার ঢাকার ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হয় ‘বোকা’ অ্যালবামের প্রকাশনা উৎসব। এ দিন অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, ব্যান্ডতারকা হামিন আহমেদ ও শিল্পীর মা শাহরিয়া আখতার বুলু।

এই সময়ে ফিজিক্যাল অ্যালবাম প্রকাশের কারণ সম্পর্কে জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম এসেছে। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করেই গানগুলো করেছি, আশা করি আমার শ্রোতাদের ভালো লাগবে। আর এই ডিজিটাল যুগে সিডি-ক্যাসেটসহ ফিজিক্যাল অ্যালবাম এই প্রজন্মকে পুরোনো দিনের সেই অনুভূতির সঙ্গে পরিচিত করবে বলে আমার বিশ্বাস।’

বিশ্বজুড়ে ফিজিক্যাল অ্যালবামের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী এই শিল্পী আরও বলেন, ‘বিভিন্ন দেশে গত কয়েক বছরে নতুন করে সিডি ও ভিনাইলের প্রসার বেড়েছে। আমি নিশ্চিত, আমাদের দেশেও তা আবার শুরু হবে।’

‘বোকা’ অ্যালবামে ৮টি গান রয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলো লিখেছেন ও সুর করেছেন জয় শাহরিয়ার। ফিজিক্যাল অ্যালবামের পাশাপাশি ডিজার, স্পটিফাই, আইটিউনস, আমাজন, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানগুলো। অ্যালবামটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। এ ছাড়া গানের কথার থিম নিয়ে টি-শার্ট এনেছে এন স্টোরিজ।

উল্লেখ্য, ২০০০ সালে নির্ঝর ব্যান্ডের প্রধান ভোকাল হিসেবে পেশাদার সংগীতজীবনে পা রাখেন জয় শাহরিয়ার। একক শিল্পী হিসেবে ২০০৯ সালে প্রকাশ করেন প্রথম স্টুডিও অ্যালবাম ‘সত্যি বলছি’। পরবর্তী সময়ে ‘এখনি’ (২০১১), ‘ঠিক এভাবেই’ (২০১৪) এবং সর্বশেষ ‘লাপাত্তা’ (২০১৯) অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। সেই সাফল্যের ধারাবাহিকতায় দীর্ঘ বিরতি ভেঙে এবার প্রকাশ করা হলো তাঁর পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত