
মুক্তির আগে ঈদের সিনেমার প্রচার নিয়ে ছিল অনেক প্রশ্ন। অনেকটা প্রচারহীনতার মধ্য দিয়ে এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। তবে মুক্তির পর সিনেমা হলে দর্শক টানতে উঠেপড়ে লেগেছেন অভিনয়শিল্পীরা। ঈদের দিন থেকে প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে বেড়াচ্ছেন, দর্শকদের সঙ্গে সিনেমা দেখছেন, কথা বলছেন নানা বিষয় নিয়ে। এ ছাড়া এবার ঈদের সিনেমায় যোগ হয়েছে তারকাদের ক্যামিও। অল্প সময়ের পর্দা উপস্থিতি হলেও আলোচনার কেন্দ্রে চলে এসেছে সিনেমার অতিথি চরিত্রগুলো।

প্রতিদিন হলে ছুটছেন তারকারা
ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমার প্রদর্শনী হচ্ছে। সেগুলো হলো—‘তান্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘উৎসব’, ‘নীলচক্র’ ও ‘এশা মার্ডার: কর্মফল’। প্রতিবারের মতো এবারের ঈদেও হলগুলোতে দেখা যাচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়। নিজেদের সিনেমায় দর্শক টানতে মুক্তির প্রথম দিন থেকে দৌড়ঝাঁপ করছেন তারকারা। ঈদের দিন তান্ডব সিনেমার প্রচারে গিয়ে অভিনেত্রী সাবিলা নূর জানান, মুক্তির আগে নার্ভাস থাকলেও দর্শকদের ভালোবাসায় সেটা দূর হয়েছে।

জয়া আহসান বলেন, ‘সিনেপ্লেক্সের ভেতরেও দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাই বলে দেয়—তান্ডব মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে।’ ঈদের দ্বিতীয় দিন দর্শকদের সঙ্গে জয়া উপভোগ করেছেন উৎসব। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উৎসবের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, অপি করিম, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতিরা।
নিজের প্রথম বানিজ্যিক সিনেমা ইনসাফের প্রচারে হলে হলে ঘুরে দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছেন তাসনিয়া ফারিণ। তাঁর সঙ্গে দেখা গেছে শরিফুল রাজসহ নির্মাতা ও প্রযোজককে।

এশা মার্ডার নিয়ে প্রতিদিন রাজধানীর বিভিন্ন হলে যাচ্ছেন আজমেরী হক বাঁধন। প্রথম দুই দিনের তুলনায় তৃতীয় দিন দর্শকের সংখ্যা বেশি থাকায় দারুণ খুশি এই অভিনেত্রী। বাঁধন বলেন, ‘সময়ের সঙ্গে সিনেমাটির দর্শক বাড়ছে। তৃতীয় দিন হলভর্তি দর্শক দেখে আমার মন ভরে গেছে। এ সিনেমাটি আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে বানিয়েছি। বাংলাদেশে ওই অর্থে নারীপ্রধান গল্প হয় না। আর হলেও ঈদের সময় রিলিজ হওয়ার প্রশ্নই ওঠে না। সে ক্ষেত্রে নির্মাতা ও প্রযোজককে অনেক ধন্যবাদ এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তাঁরা সিনেমাটিকে এত ভালোবাসা দিচ্ছেন।’
বাঁধনের মতো মন্দিরা চক্রবর্তীও তাঁর অভিনীত নীলচক্র নিয়ে প্রতিদিন হাজির হচ্ছেন বিভিন্ন হলে। কথা বলছেন দর্শকদের সঙ্গে। এ ছাড়া টগর সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আদর আজাদ ও পূজা চেরি সিনেমার প্রচারে হলে হলে ব্যস্ত সময় পার করছেন।
হাসপাতাল থেকে উৎসব দেখার আমন্ত্রণ জানালেন জাহিদ
ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ঈদের আগের দিন থেকে হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান। তাই ঈদে মুক্তি পাওয়া উৎসব সিনেমার প্রচারে দেখা যায়নি তাঁকে। তবে হাসপাতাল থেকে দর্শকদের উৎসবসহ ঈদের সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘সব সিনেমাই আমাদের। প্রতিটি সিনেমার নির্মাতা, অভিনেতা থেকে শুরু করে সব কলাকুশলী অনেক কষ্ট করেন। প্রতিটি সিনেমা যেন লগ্নিকৃত অর্থ ফিরে পায়। আমি চাই, আমার অভিনীত উৎসব সিনেমাটি যেন সবাই পরিবার নিয়ে উৎসবের মতো করে দেখে।’

হলে নেই শাকিব, শুভেচ্ছা জানালেন নীলচক্রকে
জয়া আহসান, সাবিলা নূররা তান্ডব নিয়ে ব্যস্ত সময় পার করলেও হলে দেখা যায়নি সিনেমার নায়ক শাকিব খানকে। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রচার করছেন তিনি। নিজের সিনেমার পাশাপাশি ফেসবুকে আরিফিন শুভর নীলচক্র সিনেমার টিমকে শুভকামনা জানিয়েছেন শাকিব। শাকিবের মতো আরিফিন শুভও হলে না গিয়ে নীলচক্রের প্রচার চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
আলোচনায় অতিথি চরিত্ররা
দর্শকদের চমকে দিতে হলিউড ও বলিউডের সিনেমায় ক্যামিও দিতে দেখা যায় তারকাশিল্পীদের। ঢাকাই সিনেমায় এটি খুব একটা দেখা যায় না। তবে এবার ঈদের সিনেমার আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে অতিথি চরিত্ররা। শাকিব খানের তান্ডবে ক্যামিও দিয়ে চমক দেখিয়েছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। শুরু থেকেই তাঁদের উপস্থিতির গুঞ্জন শোনা গেলেও বিষয়টি চমক হিসেবে গোপন রেখেছিলেন পরিচালক। পর্দায় যখন তাঁরা ধরা দিয়েছেন, উল্লাসে ফেটে পড়েছেন হলভর্তি দর্শক। সোশ্যাল মিডিয়ায় চলছে তাঁদের উপস্থিতি নিয়ে আলোচনা।
অন্যদিকে ইনসাফ সিনেমায় চঞ্চল চৌধুরীর উপস্থিতি ছিল দর্শকদের জন্য বাড়তি পাওয়া। সিনেমা মুক্তির আগপর্যন্ত গোপন রাখা হয়েছে চঞ্চল চৌধুরীর অভিনয়ের কথা। ন্যাড়া মাথা, হাতে রক্তমাখা দা আর ভায়োলিন বাজানোর দৃশ্যে অভিনেতাকে দেখে অনেকে আঁতকে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, চঞ্চল চৌধুরীর উপস্থিতি সিনেমার আবহ বদলে দিয়েছে।
গত ঈদের সিনেমার মতো এবারও অতিথি চরিত্রে পাওয়া গেছে সুনেরাহ বিনতে কামালকে। ‘দাগি’র পর এবার তিনি হাজির হয়েছেন উৎসব সিনেমায়। পর্দায় উপস্থিতি কম হলেও প্রশংসিত হচ্ছেন সুনেরাহ।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২৩ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে