Ajker Patrika

৭৯তম কান চলচ্চিত্র উৎসব

আঁ সার্তে রিগায় ইতিহাস গড়ল নেপালি সিনেমা

বিনোদন ডেস্ক
আঁ সার্তে রিগায় ইতিহাস গড়ল নেপালি সিনেমা
উৎসব মঞ্চে আঁ সার্তে রিগা বিভাগের বিজয়ীরা; ছবি: সংগৃহীত

কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে সাধারণত বিশ্বখ্যাত ও প্রতিষ্ঠিত পরিচালকদের সিনেমা জায়গা পায়। অন্যদিকে, আঁ সার্তে রিগা বিভাগে থাকে এমন সব সিনেমা, যার গল্প বলার ঢং কিংবা ক্যামেরার কাজ একেবারেই নতুন ও মৌলিক, প্রথাগত নিয়মের বাইরে। অনেক সময় নতুন পরিচালকদের প্রথম বা দ্বিতীয় ফিচার ফিল্ম এই বিভাগে নির্বাচিত হয়। নেপালের অবিনাশ বিক্রম শাহের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ সিনেমার ক্ষেত্রে যেমনটা ঘটেছে।

অবিনাশের এই প্রথম ফিচার ফিল্ম ৭৯তম কান উৎসবে স্থান পেয়েছে এবং ইতিহাস সৃষ্টি করেছে। গত শুক্রবার কানের দেবুসি থিয়েটারে আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার ঘোষণা করে ফরাসি অভিনেত্রী লায়লা বেখতির নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের জুরি বোর্ড। নেপালের প্রথম ফিচার ফিল্ম হিসেবে এলিফ্যান্টস ইন দ্য ফগ জিতেছে এই বিভাগের দ্বিতীয় শীর্ষ সম্মাননা জুরি প্রাইজ। এর আগে ২০২২ সালে অবিনাশের শর্ট ফিল্ম ‘লোরি’ কানে বিশেষ সম্মাননা পেয়েছিল।

এলিফ্যান্টস ইন দ্য ফগ নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলের বনাঞ্চল ঘেরা এক গ্রামের পটভূমিতে নির্মিত। বন্য হাতি অধ্যুষিত ওই অঞ্চলে বসবাস করে সমাজের মূলধারা থেকে দূরে থাকা ট্রান্সজেন্ডার সম্প্রদায়। ওই সম্প্রদায়ের কর্ত্রী পিরাতি ‘স্বাভাবিক’ জীবনযাপনের জন্য তার ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে যেতে চায়। কিন্তু যখন তার দলের এক মেয়ে নিখোঁজ হয়ে যায়, তখন ভালোবাসা এবং সম্প্রদায়ের প্রতি দায়িত্বের মধ্যে একটিকে বেছে নিতে হয় পিরাতিকে।

কানে জুরি প্রাইজ গ্রহণের সময় আবেগাপ্লুত পরিচালক অবিনাশ বিক্রম শাহ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই প্রান্তিক মানুষের জীবনকে অদৃশ্য করে রাখা হয়েছিল। আমাদের গল্পকে কানের মতো বিশ্বমঞ্চে নিয়ে এসে এবং এই পুরস্কারে সম্মানিত করার মাধ্যমে সেই অদৃশ্য মানুষদের আলোর নিচে আনা হলো।’

এবার কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের সর্বোচ্চ পুরস্কার পেয়েছে অস্ট্রিয়ান পরিচালক স্যান্ড্রা ওলনারের সিনেমা ‘এভরিটাইম’। মানুষের মনস্তত্ত্ব ও স্মৃতির জটিল সমীকরণ নিয়ে তৈরি এ সিনেমার কেন্দ্রে একটি পরিবার। ছুটিতে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় পরিবারের সদস্যরা, এলোমেলো হয়ে যায় তাদের জীবন ও সম্পর্ক।

আঁ সার্তে রিগা বিভাগের বিজয়ীরা

সেরা সিনেমা:

  • এভরিটাইম, পরিচালক স্যান্ড্রা ওলনার

জুরি প্রাইজ:

  • এলিফ্যান্টস ইন দ্য ফগ, পরিচালক অবিনাশ বিক্রম শাহ

স্পেশাল জুরি প্রাইজ:

  • আয়রন বয়, পরিচালক লুই ক্লিশি

সেরা অভিনেতা:

  • ব্র্যাডলি ফিওমোনা ডেম্বেয়াসেট (কঙ্গো বয়)

সেরা অভিনেত্রী:

  • মেরিনা ডি তাভিরা, ড্যানিয়েলা মারিন নাভারো ও মারিয়াঞ্জেল ভিলেগাস (ফরএভার ইয়োর ম্যাটারনাল অ্যানিমেল)
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত