
বাস্তবজীবনে তিনি রকস্টার। এবার সিনেমার পর্দায়ও একই ভূমিকায় হাজির হবেন সংগীতশিল্পী পান্থ কানাই। শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এতে একটি গানও থাকবে তাঁর কণ্ঠে। বিষয়টি নিয়ে পান্থ কানাইয়ের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
মিউজিক্যাল সিনেমা বলেই কি রকস্টারে অভিনয় করতে রাজি হলেন?
ঠিকই। মিউজিক নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালনা করছেন আজমান রুশো। আমি এর আগে দু-একবার অভিনয় করেছি। আমি তো আসলে অভিনেতা না, গায়ক। আমার সমস্ত ভাবনাজুড়েই গানবাজনা। অভিনয় নিয়ে কখনো ভাবিনি। একদিন নির্মাতা রুশো বলল, ‘দাদা আপনাকে দরকার, আপনি গান গাইবেন এবং বিশেষ চরিত্রে অভিনয় করবেন।’ এভাবেই যুক্ত হয়ে গেলাম।
গায়কের চরিত্রেই দেখা যাবে আপনাকে?
আমাকে আগের সময়ের এক রকস্টারের চরিত্রে দেখা যাবে। আর শাকিব খান এই সময়ের রকস্টার। যেকোনো একটা পরিস্থিতিতে তাদের দেখা হবে। এর বেশি এখন বলা যাচ্ছে না। তবে আমার যতগুলো দৃশ্য আছে, সব শাকিব খানের সঙ্গেই, এটা আমার জন্য ভীষণ আনন্দের।
আপনি বাস্তবেই এক রকস্টার। পর্দায় এই চরিত্রে অভিনয়ে নিজের জীবনের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগবে?
একদম। রকস্টার সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে অনেকটা মিলে যায়। নির্মাতার কাছে গল্প শোনার পর মনে হয়েছে, আমার সঙ্গে প্রায় ৯০ ভাগ মিল আছে।
মালয়েশিয়ায় রকস্টারের শুটিং শুরু হয়েছে। আপনি শুটিংয়ে যোগ দেবেন কবে?
কয়েক দিন ধরে মালয়েশিয়ায় শুটিং চলছে। আমার শুটিং হবে দেশে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আমার অংশের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
শাকিব খানের সিনেমা নিয়ে দর্শকের আলাদা আগ্রহ থাকে। আপনিও সেই সিনেমার অংশ। কেমন লাগছে?
শাকিব খান অনেক বড় মাপের একজন শিল্পী। তিনি একটানা ২৫ বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এখনো তাঁর স্থানটা ধরে রেখেছেন। উনি বাংলাদেশের মেগাস্টার। আমি তাঁকে কিং খান বলি। তাঁর যে ভক্ত ও জনপ্রিয়তা আছে, সেটা অনেক বড় ব্যাপার। তাঁর মতো শিল্পীর সঙ্গে কাজ করতে পারা আমার জন্য রীতিমতো লোভনীয়।
রকস্টার সিনেমায় আপনার কটি গান থাকবে?
এ সিনেমার জন্য একটি গান গেয়েছি। গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। গানের ভিডিওতে আমাকে দেখা যাবে। একসঙ্গে গান আর অভিনয় দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।
এর আগে তো ‘ফাতিমা’ সিনেমাতেও অভিনয় করেছিলেন...
আগেই বলেছি, আমি অভিনয় পারি না। যেহেতু অভিনয় করি না, তাই অভিনয় নিয়ে আমার কোনো রকম সমস্যা হয় না। ফাতিমার শুটিংয়ে আমার দ্বিতীয় টেকের প্রয়োজন হয়নি। নির্মাতাও সেটাই চাচ্ছিলেন, আমি যেন অভিনয় না করি, স্বাভাবিক থাকি। রকস্টার সিনেমাতেও চেষ্টা করব অভিনয়টা না করতে। আমি বাস্তবে যেমন, তেমনই থাকার চেষ্টা করব। তাহলেই আমার কোনো রিস্ক থাকবে না।
এত বছর পর চুমকি গানের সিকুয়েল করলেন। প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন?
চুমকি গানটি রিমেক করেছিলাম অনেক বছর হয়ে গেছে। দুই দশকের বেশি সময় যেকোনো স্টেজে এই গান গাইতেই হয়। অনেক দিন ধরেই ভাবছিলাম, এক গান আর কত দিন গাইব! তাই নতুন চুমকি নিয়ে ভাবনা চলছিল নিজের মধ্যে। একদিন সংগীত পরিচালক বিবেকের সঙ্গে ভাবনাটা শেয়ার করলাম। সে জানাল, এ রকম কথার একটি গান আছে। শোনার পর পছন্দ হলো, চলে গেলাম গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবালের কাছে। সে খুব উৎসাহ নিয়ে গানটি করার কথা জানাল। এরপর ‘আবার চুমকি’ গানের কাজ শুরু হলো। ঈদের দিন প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১১ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১১ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১৯ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
২১ ঘণ্টা আগে