Ajker Patrika

ট্রাম্পের নীতির প্রতিবাদে সিরিজের নাম বদলে দিলেন নির্মাতারা

বিনোদন ডেস্ক
ট্রাম্পের নীতির প্রতিবাদে সিরিজের নাম বদলে দিলেন নির্মাতারা
‘সাউথ আমেরিকা’ সিরিজের পোস্টার;

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতির প্রতিবাদে এবার নিজেদের জনপ্রিয় অ্যানিমেটেড শোর নাম বদলে ফেললেন ‘সাউথ পার্ক’-এর নির্মাতারা। দীর্ঘদিনের জনপ্রিয় এই স্যাটায়ার সিরিজের নাম সাউথ পার্ক থেকে পরিবর্তন করে রাখা হয়েছে ‘সাউথ আমেরিকা’। শোটির লোগো থেকে ‘পার্ক’ শব্দটি কেটে সেখানে ‘আমেরিকা’জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

শোটির দুই মূল রূপকার ট্রে পার্কার ও ম্যাট স্টোন এক যৌথ বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু সাম্প্রতিক নির্বাহী সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবেই তাঁদের এই পদক্ষেপ। কানাডার সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের জেরে ট্রাম্প সম্প্রতি কানাডা সীমান্তসংলগ্ন বিখ্যাত ‘লেক অন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন। এর আগে তিনি ‘গাল্‌ফ অব মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গাল্‌ফ অব আমেরিকা’ করার বিতর্কিত ঘোষণা দিয়েছিলেন। এমনকি ‘নিউ মেক্সিকো’ অঙ্গরাজ্যের নাম ‘নিউ আমেরিকা’ করারও প্রস্তাব তোলেন তিনি।

হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের পরপরই অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টরা মার্কিন ব্যবহারকারীদের জন্য তাদের ডিজিটাল ম্যাপে লেকের নাম পরিবর্তন করে দেয়। প্রযুক্তি সংস্থাগুলোর এমন অনুগত ভূমিকাকে সরাসরি খোঁচা দিয়ে সাউথ পার্কের নির্মাতারা লেখেন, ‘অ্যাপল ও গুগলের সাহসিকতা ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে আমরা সাউথ পার্কের নাম বদলে সাউথ আমেরিকা রেখেছি।’

‘সাউথ আমেরিকা’ সিরিজের দৃশ্য; ছবি: সংগৃহীত
‘সাউথ আমেরিকা’ সিরিজের দৃশ্য; ছবি: সংগৃহীত

১৯৯৭ সালে যাত্রা শুরু করা সাউথ পার্ক প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত অন্যতম জনপ্রিয় অ্যানিমেটেড সিটকম। সাউথ পার্ক নামের এক কাল্পনিক শহরের চার স্কুলপড়ুয়া বালক—স্ট্যান মার্শ, কাইল ব্রফলোভস্কি, এরিক কার্টম্যান ও কেনি ম্যাককর্মিকের দৈনন্দিন জীবনের আজব ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর কাহিনি। সমসাময়িক যেকোনো রাজনৈতিক বা সামাজিক স্পর্শকাতর ইস্যুকে সরাসরি ব্যঙ্গ করাই এই শোর মূল বৈশিষ্ট্য। সম্প্রতি এমি অ্যাওয়ার্ডসে আউটস্ট্যান্ডিং অ্যানিমেটেড প্রোগ্রামের পুরস্কার জিতেছে শোটি।

নাম পরিবর্তনের এই আলোচনার মাঝেই আসছে সাউথ পার্কের ২৯তম সিজন। ১৬ সেপ্টেম্বর থেকে কমেডি সেন্ট্রাল চ্যানেলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসেও দেখা যাবে নতুন সিজন। এই নতুন নাম পুরো সিজনে স্থায়ী থাকবে, নাকি গল্পের বিশেষ কোনো বাঁকে আবার পুরোনো নামে ফিরে যাবে—তা জানা যাবে শোটির প্রচার শুরু হওয়ার পর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত