রোজার ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে একগুচ্ছ সিনেমা। ঈদের সিনেমার সর্বশেষ খোঁজখবর জানাতে এই আয়োজন। প্রতিদিন একজন নির্মাতা বা প্রযোজক তাঁর সিনেমার কাজের অগ্রগতি ও প্রত্যাশার কথা জানাবেন। আজ ‘পিনিক’ নিয়ে কথা বলেছেন পরিচালক জাহিদ জুয়েল।

শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক। নির্মাতা জাহিদ জুয়েল জানালেন, ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে সিনেমাটি। নির্মাতারা ছাড়পত্রের অপেক্ষায় আছেন।
জাহিদ জুয়েল বলেন, ‘সিনেমাটি গত বছরের রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আমরা তাড়াহুড়া করতে চাইনি। গল্পটি যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তুলতে আমরা চেষ্টা করেছি, যাতে কোথাও খুঁত না থাকে। সময় নিয়ে কাজটি শেষ করেছি। ইতিমধ্যে সব কাজ শেষ। সার্টিফিকেশন বোর্ডেও জমা পড়েছে সিনেমাটি। আশা করছি এই সপ্তাহের যেকোনো দিন ছাড়পত্র পেয়ে যাব।’
নির্মাতা জাহিদ জুয়েল জানান, পিনিক সিনেমার সম্পাদনার কাজ হয়েছে বাংলাদেশে। তবে ভিএফএক্সের কাজ হয়েছে যুক্তরাষ্ট্রে। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট, সহপ্রযোজনায় শিমুল খান।
রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার পিনিক সিনেমায় আদর-বুবলী ছাড়াও অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ।
পিনিকের গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘পিনিক সিনেমার গল্প খুব স্ট্রং। কেউ অ্যাকশন বানায়, কেউ থ্রিলার, কেউ আবার হরর কিংবা রোমান্টিক সিনেমা বানায়। পিনিক সিনেমাটি তৈরি হয়েছে সব ঘরানা মিলিয়ে।’
ইতিমধ্যে সিনেমার প্রচার শুরু হয়েছে। প্রকাশ পেয়েছে টিজার। এ সপ্তাহে একটি গানও প্রকাশ পাবে বলে জানিয়েছেন নির্মাতা। প্রচার পরিকল্পনা নিয়ে জাহিদ জুয়েল বলেন, ‘একটি সিনেমার জন্য প্রচার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই এ বিষয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। টিজার প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। কয়েক দিনের মধ্যেই “আধখানা চাঁদ” শিরোনামের রোমান্টিক গান প্রকাশ পাবে। এই গানটি ওয়ানটেকে শুট করা হয়েছে। সিনেমা মুক্তির আগে আরও দুটি গান ও ট্রেলার আসবে।’
এবার রোজার ঈদে প্রতিদ্বন্দ্বিতা করবে একগুচ্ছ সিনেমা, তবু নিজের সিনেমা নিয়ে আত্মবিশ্বাসী পিনিক নির্মাতা। জাহিদ জুয়েল বলেন, ‘দর্শক এখন ভালো গল্পের সিনেমা দেখতে চায়। পিনিকের গল্প খুব ভালো। যাঁরা দেখবেন, তাঁরা নিজেরাই উদ্যোগী হয়ে সিনেমাটির প্রচার করবেন বলে আমার বিশ্বাস। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমা নিয়ে তাদের অনেক দিনের অভিজ্ঞতা। তাই আশা করছি হল পাওয়া নিয়ে কোনো সংকট হবে না।’

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
২ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
২ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১২ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
১৫ ঘণ্টা আগে