ভক্ত থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্ট অনেকে শাকিব খানকে মেগাস্টার বলে সম্বোধন করেন। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে তাঁর নামের আগে ব্যবহার করা হয় ‘মেগাস্টার’ তকমা। তবে কয়েক দিন আগে শাকিব খানের নামের সঙ্গে মেগাস্টার শব্দ নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন অভিনেতা জাহিদ হাসান। তাঁর সেই সমালোচনা ভালোভাবে নেয়নি শাকিবভক্তরা। সমালোচনার জবাবে জাহিদ হাসান জানালেন, ভুল-বোঝাবুঝির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কাউকে ছোট করার মতো মানুষ তিনি নন।
জাহিদ হাসান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটা ভুল-বোঝাবুঝি। আমি বলতে চাচ্ছিলাম যেভাবে, সেভাবে হয়তো আমি বোঝাতে পারিনি, নয়তো মানুষ ভুল বুঝেছে। আমি বলতে চাচ্ছিলাম, মানুষ যখন নিজে অনেক বড় হয়ে যায়, তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না। যেমন টম ক্রুজ, তাঁকে কি অন্য কোনো বিশেষণ দেওয়ার দরকার আছে? তেমনি শাহরুখ খান, সালমান খান, ম্যারাডোনা বা মেসি—তাঁদের সামনে তো বিশেষ কিছু লাগে না। নামটাই যথেষ্ট। আমি সেটাই বোঝাতে চেয়েছি।’
জাহিদ হাসান আরও বলেন, ‘কাউকে ছোট করে কখনো কেউ বড় হতে পারে না। এই পৃথিবীতে কেউ হয়নি। আমি কাউকে ছোট করতে চাইও না। আমি নিজেই মানুষটা ছোট। অন্য কাউকে কেন ছোট করব? আমি চাই ভুল-বোঝাবুঝির অবসান হোক। এ নিয়ে আমার বা শাকিব সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা তৈরি হবে। আমি তো এ রকম মানুষ না।’
শাকিব খানের ভক্তদের উদ্দেশে জাহিদ হাসান বলেন, ‘আমি তাদের ইমোশনকে শ্রদ্ধা করি। তাঁকে (শাকিব) যারা ভালোবাসে, তারা যে মন খারাপ করেছে, এটা একধরনের ইতিবাচক দিক। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি, সেটা বুঝলে তারা আরও বড় হতো বা শাকিব আরও বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ, তারা তো শাকিবকে ভালোবাসে। আমরাও শাকিবকে ভালোবাসি। আমি চাই এই বলয়টা ভেঙে সে আরও ওপরে যাবে। তখন আমারও গর্ব হবে।’
এবার কোরবানির ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’-এর সঙ্গে মুক্তি পায় জাহিদ হাসানের ‘উৎসব’। চতুর্থ সপ্তাহে এসে প্রদর্শনী এবং আয়ের দিক থেকে তাণ্ডবকে ছাড়িয়ে গেছে উৎসব। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মেগাস্টার নিয়ে কথা বলেছিলেন জাহিদ হাসান। বলেছিলেন, ‘তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাঁকে শুধু শাকিব খান বলা হয় না। বলা হয় মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। তিনি তো একজন অভিনেতা। তাঁকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তাঁর জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১৮ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১৯ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১৯ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১৯ ঘণ্টা আগে