Ajker Patrika

ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও শেখ মুজিবের ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও শেখ মুজিবের ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তিন ছাত্রসংগঠন।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে নেতা-কর্মীরা ‘জিন্নাহর ছবি কেন, ডাকসু জবাব চাই’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘যুদ্ধাপরাধীদের আস্তানা, জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও’, ‘এই বাংলায় হবে না, যুদ্ধাপরাধীদের আস্তানা’, ‘৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে ও পাকিস্তানবিরোধী বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।

মিছিলে তিন সংগঠনের অন্তত ২৫ জন নেতা-কর্মী অংশ নেন। এ সময় তাঁরা ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার প্রতিবাদ জানিয়ে অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবি জানান।

প্রসঙ্গত, সম্প্রতি ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। তবে ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, সংগ্রহশালায় প্রদর্শিত ছবিগুলো নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনা ও সময়কে তুলে ধরার উদ্দেশে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত