১৮৬ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে শিক্ষা, রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতিচর্চার এক সমৃদ্ধ কেন্দ্র। অসংখ্য কীর্তিমান মানুষের স্মৃতি, আন্দোলন-সংগ্রাম এবং শিক্ষার্থীদের স্বপ্নে গড়ে উঠেছে এর গৌরবময় ইতিহাস। তবে ঐতিহ্যের এই ক্যাম্পাসে রয়েছে নানা সীমাবদ্ধতা। প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর বিপরীতে আটটি আবাসিক হলে আসন মাত্র ১ হাজার ৩৬৪টি। চারটি একাডেমিক ভবনে পাঠদানের উপযোগী শ্রেণিকক্ষ ৫২টি। পরিবহন, গ্রন্থাগার, গবেষণাগারসহ অবকাঠামোগত সংকটও প্রকট।
এসব সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি বলেন, একটি ভবন নির্মাণ করলেই সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হয় না। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে অবকাঠামো, পরিবহনসহ অন্যান্য সংকটের সমাধান করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রপতির সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
উৎসবের আবহে
১৮৬ বছরে পদার্পণ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজের মূল ফটক থেকে বের হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি। ‘প্রজ্ঞায় দীক্ষায় অদম্য পথচলা, গৌরবের অধ্যায় ঢাকা কলেজ’ প্রতিপাদ্যে আয়োজিত এই র্যালিতে অংশ নেন কয়েক হাজার বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিরা। সায়েন্স ল্যাব এলাকা প্রদক্ষিণ করে নীলক্ষেত মোড় হয়ে র্যালিটি আবার কলেজের মূল ফটকে এসে শেষ হয়। ব্যানার, প্ল্যাকার্ড ও ঘোড়ার গাড়িতে আয়োজনটি পায় উৎসবমুখর রূপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
শুক্রবার (২০ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠিত হয় মূল আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পথচলার শুরু
ঢাকা কলেজের ইতিহাসের সূচনা ১৮৩৫ সালের ১৫ জুলাই। তখন ‘ঢাকা গভর্নমেন্ট স্কুল’ বা ইংলিশ সেমিনারি নামে সদরঘাটের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাবেক বাণিজ্যিক ভবনের একটি ভাড়া করা দোতলা বাড়িতে এর কার্যক্রম শুরু হয়। বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও ১৮৪১ সালে এটি কলেজে রূপ নেয়।
এর আগে ১৮১৫ সালে ঢাকায় ইউরোপীয় শিশুদের শিক্ষার জন্য কলকাতা বেনেভোলেন্ট ইনস্টিটিউশনের একটি শাখা প্রতিষ্ঠিত হয়। ১৮১৬ সালের এপ্রিলে লিওনার্ড ছোট কাটরায় চালু করেন একটি ইংরেজি বিদ্যালয়। ১৮৩৮-৩৯ সালে ঢাকা গভর্নমেন্ট স্কুলে শিক্ষার্থী ছিল ৩৪০ জন। আটটি শ্রেণিতে পাঠদান করতেন ১১ জন শিক্ষক।
১৮৪১ সালে ঢাকা কলেজ নামে আত্মপ্রকাশ করে। ওই বছরের ২০ নভেম্বর বিশপ ড্যানিয়েল নামে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৮৪৪ সালে ভবন নির্মাণ শেষ হয়। ১৮৪৬ সালে নিজস্ব ভবনে শুরু হয় শিক্ষা কার্যক্রম। প্রথম দিকের শিক্ষার্থীদের মধ্যে মুসলিম, হিন্দু, আর্মেনীয় ও পর্তুগিজ সম্প্রদায়ের শিক্ষার্থীরাও ছিলেন।
পরবর্তী সময়ে কয়েক দফা স্থান পরিবর্তন করে কলেজটি। ১৮৭৩ সালে ভিক্টোরিয়া পার্কের কাছে স্থানান্তরিত হয়। ১৯০৮ সালে কার্যক্রম শুরু হয় কার্জন হলে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ঢাকা কলেজের জমি, ভবন, শিক্ষক, শিক্ষার্থী ও গ্রন্থাগারের বই নতুন বিশ্ববিদ্যালয়ের কাজে যুক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলেজ ভবন ছেড়ে দিতে হয় আহত সৈন্যদের ব্যবহারের জন্য। পরে লক্ষ্মীবাজারে স্থানান্তরিত হয়ে ১৯৫৫ সালে বর্তমান ক্যাম্পাসে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

আন্দোলন-সংগ্রামের ইতিহাসে
দেশের গণতান্ত্রিক ও অধিকার আদায়ের আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রতিষ্ঠানটির ইতিহাসকে সমৃদ্ধ করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি রুহুল কবির রিজভী বলেন, ঢাকা কলেজ শুধু আন্দোলন-সংগ্রাম ও রাজনীতিতে নয়; বরেণ্য রাজনীতিবিদ, লেখক, কবি ও সাহিত্যিক তৈরিতেও ভূমিকা রেখেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্ব দেন তিনি।
কীর্তিমানদের স্মৃতিতে সমৃদ্ধ ক্যাম্পাস
ঢাকা কলেজের গৌরবের বড় অংশজুড়ে রয়েছেন এর সাবেক শিক্ষার্থীরা। সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির রয়েছে সমৃদ্ধ উত্তরাধিকার। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াস ও ভাষাবিদ হুমায়ুন আজাদের নাম জড়িয়ে আছে এই কলেজের সঙ্গে। শিক্ষকতা করেছেন শওকত ওসমান ও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ বিশিষ্ট ব্যক্তিরা।
ঐতিহ্যের ক্যাম্পাসে সংকটের চিত্র
বর্তমানে কলেজ ক্যাম্পাসে রয়েছে আটটি আবাসিক হল, মসজিদ, ক্যানটিন, জিমনেসিয়াম, একাডেমিক ভবন, গ্রন্থাগার, খেলার মাঠ, বাস্কেটবল কোর্ট, উন্মুক্ত মঞ্চসহ নানা স্থাপনা। তবে শিক্ষার্থীর সংখ্যা ও চাহিদার তুলনায় সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়।

- সবচেয়ে বড় সংকট শ্রেণিকক্ষে। কলেজের ১৯টি বিভাগ চালু রয়েছে। উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে শিক্ষার্থী প্রায় ১৬ হাজার। চারটি একাডেমিক ভবনে পাঠদানের উপযোগী কক্ষ মাত্র ৫২টি। ফলে নিয়মিত পাঠদানে হিমশিম খেতে হয়। পরীক্ষা চলাকালে অন্য বর্ষের ক্লাস বন্ধ রাখতে হয়। একই কক্ষে একপর্যায়ে উচ্চমাধ্যমিক, পরে অনার্সের ক্লাস নেওয়া হয়।
- আবাসন পরিস্থিতিও উদ্বেগজনক। আটটি ছাত্রাবাসে আসন রয়েছে ১ হাজার ৩৬৪টি। ফলে মোট শিক্ষার্থীর মাত্র ৮ দশমিক ৫ শতাংশ আবাসিক সুবিধা পান। ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের বড় অংশকে থাকতে হয় বাইরে। এর সঙ্গে রয়েছে হলগুলোর জরাজীর্ণ অবস্থা। ১৯৯৩ সালে ইলিয়াস হল পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো ভবনটি ভাঙার কাজ শুরু হয়নি।
- পরিবহনসংকটেও প্রতিদিন ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। বাসের আসনের তুলনায় যাত্রী থাকেন প্রায় তিন গুণ বা তারও বেশি। শিক্ষার্থীদের দাবি, বাসের সংখ্যা এবং আসন বাড়ানোর পাশাপাশি পরিবহনব্যবস্থার শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।
- গ্রন্থাগার ও গবেষণাগারের অবস্থাও সন্তোষজনক নয়। শিক্ষার্থীর তুলনায় লাইব্রেরি ছোট, রিডিং রুমের পরিবেশ নাজুক। আধুনিক বইয়ের সংগ্রহও সীমিত। বিভিন্ন বিভাগের গবেষণাগারে অনেক যন্ত্রপাতি নষ্ট বা ব্যবহারের অনুপযোগী। পর্যাপ্ত শিক্ষক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা উপকরণের অভাবে ব্যবহারিক শিক্ষার সুযোগও কম।
ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ বলেন, ‘ঢাকা কলেজের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য আমাদের গর্বিত করে। তবে শ্রেণিকক্ষ, আবাসন ও পরিবহনসংকটের সমাধান জরুরি। আমরা চাই, ঐতিহ্য ধরে রেখেই ঢাকা কলেজ আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাক।’
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়েও উদ্বেগ জানান প্রধান অতিথি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন, উন্নত লাইব্রেরি, গবেষণাগার ও কম্পিউটার ব্যবহারের সুযোগ নেই। শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের দৃষ্টি আকর্ষণ করে তিনি এসব সীমাবদ্ধতা দূর করার আহ্বান জানান।
আগামীর প্রত্যাশা
১৮৬ বছরের পথচলা ঢাকা কলেজের জন্য গৌরবময় ইতিহাস ফিরে দেখার উপলক্ষ। শিক্ষা, রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা প্রতিষ্ঠানটির সামনে এখন নতুন চ্যালেঞ্জ। ঐতিহ্যের মর্যাদা
রক্ষার পাশাপাশি শিক্ষার পরিবেশ আধুনিক করাও সময়ের দাবি।
সাবেক শিক্ষার্থী রাকিব বলেন, ‘ঢাকা কলেজের ক্যাম্পাস আমাকে শুধু শিক্ষাগত জ্ঞান দেয়নি, দিয়েছে জীবনের অনেক অভিজ্ঞতা ও স্মৃতি। বন্ধুত্ব, শিক্ষকদের সান্নিধ্য এবং ক্যাম্পাসের পরিবেশ আজও মনে পড়ে। ১৮৬ বছরের গৌরবময় পথচলার অংশ হতে পেরে আমি গর্বিত। প্রত্যাশা করি, আগামী দিনেও ঢাকা কলেজ তার সুনাম অক্ষুণ্ন রাখবে।’
অতীতের গৌরব ধারণ করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলাই এখন ঢাকা কলেজের লক্ষ্য। পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আবাসন, পরিবহন ও আধুনিক শিক্ষা-গবেষণা নিশ্চিত করা গেলে ঐতিহ্যের এই প্রতিষ্ঠানের নতুন উচ্চতায় পৌঁছার সুযোগ রয়েছে।










-33e593-256x144.webp)