Ajker Patrika

সরকারি আজিজুল হক কলেজ: ১০৮ শিক্ষার্থীর গায়ে স্বপ্নের সাদা অ্যাপ্রোন

গনেশ দাস, বগুড়া
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯: ৪২
সরকারি আজিজুল হক কলেজ: ১০৮ শিক্ষার্থীর গায়ে স্বপ্নের সাদা অ্যাপ্রোন

প্রতিবছরের মতো এবারও বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। কারণ, দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এই কলেজের ১০৮ জন শিক্ষার্থী। শিক্ষক ও অভিভাবকেরা একমত, এই সাফল্য হঠাৎ আসেনি। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান, মডেল টেস্ট, অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং একাডেমিক শৃঙ্খলাই এই অর্জনের মূল ভিত্তি।

গত বছর যেখানে ৯৩ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন, সেখানে এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে। শুধু মেডিকেল নয়, চলতি বছর সরকারি আজিজুল হক কলেজ থেকে ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আরও চার শতাধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম মনে করেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই সাফল্যের চাবিকাঠি। তিনি বলেন, ‘উচ্চমাধ্যমিকের জন্য আলাদা একাডেমিক ভবন এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকেরাও ছিলেন সচেতন ও সহযোগী।’

ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ৫০তম স্থান অর্জন করেছেন তাসফিয়াতুন নওরিন। তিনি বলেন, ‘আমি কখনো তথাকথিত টপার ছিলাম না। বাবা-মা আমাকে বাড়তি চাপ না দিয়ে আমার ওপর বিশ্বাস রেখেছেন। আর শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ছাড়া এই পথ পাড়ি দেওয়া সম্ভব হতো না।’

আরেক সফল শিক্ষার্থী জাবি বিন মাসুদ ভবিষ্যতে নিজেকে একজন কার্ডিওভাসকুলার বিশেষজ্ঞ হিসেবে দেখতে চান। তিনি বলেন, ‘শিক্ষকদের গাইডলাইন আমাকে স্বপ্নপূরণের সাহস দিয়েছে।’ সফল শিক্ষার্থীরা জানান, কলেজের ইতিবাচক একাডেমিক পরিবেশ, নিয়মিত মডেল টেস্ট, দুর্বলতা চিহ্নিত করে পরামর্শ দেওয়া—সবকিছু মিলিয়েই তাঁদের মানসিক ও একাডেমিকভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করেছে।

এই সাফল্য উদ্‌যাপনে ২৭ জানুয়ারি কলেজের উচ্চমাধ্যমিক ভবনে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। ‘অদম্য সাধনাই আনে কাঙ্ক্ষিত সফলতা’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজন করা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

বোর্ড পরীক্ষা থেকে শুরু করে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় দীর্ঘদিন ধরে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে সরকারি আজিজুল হক কলেজ। এ বছর একসঙ্গে ১০৮ জন শিক্ষার্থীর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সেই সুনামে যুক্ত করল নতুন এক দৃষ্টান্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুখ্যাত এপস্টেইন ফাইলে বাংলাদেশের আইসিডিডিআরবি

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

‘সব খারিজ হবে, তুই খালি টাকা পাঠাবি’, ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন ট্রাম্প

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়াল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত