জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারের ল্যাবরেটরিতে আধুনিক ১৩টি চিকিৎসা ও পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে যুক্ত এই সরঞ্জাম আগামী সপ্তাহে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এই সরঞ্জাম চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারেই বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।
জকসু সূত্রে জানা যায়, ল্যাবরেটরিতে যুক্ত করা সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে—বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, বাইনোকুলার মাইক্রোস্কোপ, হেমাটোলজি অ্যানালাইজার, গামা রিডার অ্যাসেম্বলি, ইউরিন অ্যানালাইজার, হরমোন অ্যানালাইজার এবং অ্যানালাইজার। এ ছাড়া রয়েছে ৮-হোল সেন্ট্রিফিউজ মেশিন, ডিজিটাল ইউরিন রোটেটর, রোলার মিক্সচার এবং বিভিন্ন পরিমাপের তিনটি মাইক্রোপিপেট—৫-৫০, ১০-১০০ ও ১০০-১০০০।
একই সঙ্গে মেডিকেল সেন্টারের উন্নয়নে ইতিমধ্যে প্রায় ৫০ লাখ টাকার মতো কাজ করা হয়েছে বলে জানিয়েছেন জকসুর ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘তিনটি এসি স্থাপন করা হয়েছে, জানালায় রোলার লাগানো হয়েছে এবং গেট স্থাপন করা হয়েছে। মেশিনারি রাখার জন্য টেবিল, কিট সংরক্ষণের জন্য ফ্রিজসহ প্রয়োজনীয় মেশিনারি আনা হয়েছে। পাশাপাশি আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে অনুযায়ী আরও একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।’
রিয়াজুল ইসলাম বলেন, ‘এই ল্যাব চালু হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বড় ধরনের সুবিধা হবে। আগে অনেক সাধারণ পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারের বাইরে যেতে হতো। এতে তাঁদের সময় ও অর্থ দুটোই ব্যয় হতো। এখন প্রয়োজনীয় পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেই করার সুযোগ তৈরি হবে। আমাদের মেডিকেল অফিসার যেসব পরীক্ষা প্রয়োজন মনে করবেন, সেগুলো নামমাত্র মূল্যে করানোর ব্যবস্থা করা হবে। এতে শিক্ষার্থীরা দ্রুত, সহজে ও কম খরচে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।’
ল্যাব পরিচালনায় জনবলসংকটের বিষয়ে জকসুর ভিপি বলেন, ‘আমরা যে মেশিনারিজ দিয়েছি, সেগুলো পরিচালনার জন্য মেডিকেল সেন্টারে বর্তমানে টেকনিশিয়ান নেই। আগামী দুই মাস কীভাবে কার্যক্রম চালানো হবে, সে বিষয়ে হাসপাতাল থেকে টেকনিশিয়ান এনে সহযোগিতা নেওয়া হবে। তাদের বেতন-ভাতার বিষয়টিও আমরা বহন করব। দুই মাসের মধ্যে প্রশাসন থেকে টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে দীর্ঘদিন ধরেই উন্নত ল্যাবরেটরি সুবিধার প্রয়োজন ছিল। জকসুর উদ্যোগে আধুনিক যন্ত্রপাতি যুক্ত হওয়ায় সেই ঘাটতি পূরণের সুযোগ তৈরি হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।’
তিনি বলেন, এত দিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষার্থীদের বাইরে যেতে হতো। এখন বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ডেঙ্গু, রক্তের বিভিন্ন পরীক্ষা, ইউরিনে ইনফেকশন কিংবা জন্ডিসের মতো সাধারণ স্বাস্থ্য সমস্যার প্রাথমিক পরীক্ষা করা সম্ভব হবে। এতে শিক্ষার্থীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
২ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
৮ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
৮ ঘণ্টা আগে
কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি কমবেশি অনেকের পড়া। শিক্ষক যে শিক্ষার্থীদের পরম শ্রদ্ধেয়জন, কবি এই কবিতায় তা স্পষ্ট করেছেন। পিতা-মাতার পরই শিক্ষকের অবস্থান। একটি জীবন সুশৃঙ্খল ও সুন্দরভাবে গড়ে তুলতে পরিবারের পর শিক্ষকেরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখেন।
৮ ঘণ্টা আগে