ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক কোণে ক্লাস শেষে তিন তরুণ হাতে তুলে নিয়েছিলেন গিটার, কণ্ঠে তুলেছিলেন গান। সেদিন হয়তো তাঁরা কল্পনাও করতে পারেননি সেই আড্ডার সুর একদিন অতিক্রম করবে ক্যাম্পাসের সীমানা, ছড়িয়ে পড়বে টিভি, রেডিও আর বড় বড় মঞ্চে। বন্ধুত্ব আর সংগীতপ্রেম থেকে জন্ম নেওয়া সেই দলই আজ ‘সাদাকালা ব্যান্ড’। শুধু গান নয়, ঐতিহ্যবাহী বাউল-ফোকের ধারা নতুন রূপে পরিবেশন করে তারা ছুঁয়ে যাচ্ছে মানুষের হৃদয়। নিজেদের তারা দেখছে কেবল একটি ব্যান্ড হিসেবেই নয়, বরং এক সাংস্কৃতিক আন্দোলনের প্রতিনিধি হিসেবে।
যেভাবে শুরু
ক্লাস শেষে বাদ্যযন্ত্র ছাড়াই গান গাইতেন তাঁরা। শুধু মনের টানে শুরু হয়েছিল সংগীতচর্চা। একসময় সেই নেশা পরিণত হয় ভালোবাসায়। ধীরে ধীরে যোগ হয় ইউকেলেলে, খোমক, হাতের বায়া। প্রথম মঞ্চ ছিল ক্যাম্পাসের ক্যানটিন আর বাগান। সেখান থেকে যাত্রা শুরু ‘সাদাকালা’র। তাদের বিশ্বাস, ‘সাদামনের মানুষের মধ্যে কোনো ছলচাতুরী নেই।’ তাই নামকরণ হয় ‘সাদাকালা’। অচিরেই ডিআইইউর যেকোনো অনুষ্ঠানে তাদের উপস্থিতি হয়ে ওঠে অপরিহার্য।
ক্যাম্পাস মাতিয়ে বড় মঞ্চে
তিনজন দিয়ে শুরু হলেও এখন মূল দলে সাতজন—মেহেদী, সিয়াম, মুরাদ, সাজন, সৈকত ও এলিন আশিক। শুধু গান নয়, নাচ ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনাও যুক্ত হয়েছে। ক্যাম্পাসের বাইরের অনুষ্ঠানেও সমান উৎসাহে অংশ নিচ্ছেন তাঁরা। বর্তমানে প্রায় ৫০ জনের সাংস্কৃতিক পরিবারকে ঘিরে বিস্তার ঘটিয়েছে সাদাকালা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথম ক্যাম্পাস-বহির্ভূত পারফর্ম করেন তাঁরা। সরল গানের আবেগেই তাঁরা জয় করে নেন শ্রোতাদের মন।
অর্জন আর ভালোবাসা
শ্রোতাদের ভালোবাসাই সাদাকালার বড় সাফল্য। পাশাপাশি মিলেছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও। ড্যাফোডিলের আয়োজিত সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার পায় তারা। ২০২৩ সালে সময় টেলিভিশনে তাদের প্রথম সাক্ষাৎকার প্রচারিত হয়। পরবর্তী সময়ে অ্যাপল রেডিও ৯১.২, নেক্সাস টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে আরও পরিচিতি পায়। সামাজিক মাধ্যমেও তাঁদের গান দারুণ সাড়া ফেলেছে।
প্রশংসা ও দর্শন
ডিআইইউর সহকারী অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘সাদাকালা গানের দল একটি সমকালীন সংগীতধারা প্রচারকারী দল, যারা বাংলা গানের ভেতরে সমাজ, সংস্কৃতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে বিশেষভাবে কাজ করছে।’
দলের এক সদস্য মোহাম্মদ সিয়াম বলেন, ‘আমাদের যাত্রা শুরু হয়েছিল বাংলা লোকগানের মাধুর্য তুলে ধরার স্বপ্ন থেকে। ঐতিহ্য ও নতুনত্বের সমন্বয়ে আমরা নিজেরাই গড়ে তুলছি সুরের ভুবন। চ্যালেঞ্জ থাকলেও শ্রোতাদের ভালোবাসাই আমাদের শক্তি।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অতীশ চাকমা মনে করেন, সাদাকালা কেবল জনপ্রিয় হওয়ার জন্য গান করে না, বরং বিশ্বাস করে, সংগীত দিয়ে সমাজ বদলানো যায়, মানুষকে ভাবানো যায়। তাদের গানে যেমন আছে প্রতিবাদের সুর, তেমনি মেলে আশার আলো।
সাংস্কৃতিক আন্দোলনের পথে
সাদাকালা ব্র্যান্ডের প্রতিটি পরিবেশনায় থাকে বাংলার মাটির গন্ধ আর মানুষের হৃদয়ের স্পন্দন। তরুণ থেকে প্রৌঢ়—সব বয়সী শ্রোতার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে তাদের গান। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজেদের সুরের জাদু ছড়িয়ে দিতে চায় তারা। সাদাকালার যাত্রা প্রমাণ করছে—সত্যিকারের শিল্প মানেই সময়ের সঙ্গী হওয়া।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল (এফএএসএস) ও ৩০ এপ্রিল (এফএসটি) এবং ১০ মে (এফবিএস এবং এফএসএসএস) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটরিয়ামে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়।
৩ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জাতীয় ছাত্রশক্তি। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁকে এ দায়িত্ব প্রদান করেন।
৭ ঘণ্টা আগে