
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের উদ্যোগে আন্তবিভাগীয় প্রতিযোগিতা ‘টেক্সটাইটান্স’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পোস্টার প্রদর্শনী, কুইজার্ড এবং ট্রেজার হান্ট। প্রথমে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর বিকেল ৪টা থেকে পোস্টার প্রদর্শনী পরিদর্শন ও ট্রেজার হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পোস্টার প্রদর্শনী ও ট্রেজার হান্টে প্রতিটি দলে তিন এবং কুইজে দুজন করে শিক্ষার্থী অংশ নেন। পোস্টার প্রদর্শনীতে বিচারক হিসেবে ছিলেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. লামইয়া জহির এবং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শেখ মোহাম্মদ রাফি।
সন্ধ্যা সাড়ে ৭টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
পোস্টার প্রদর্শনী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘র্যাটজিলাস’। প্রথম রানার্সআপ একই বিভাগের দল ‘টু ডাই ফর’ এবং দ্বিতীয় রানার্সআপ হয় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘ট্রিও’।
কুইজার্ড ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ফ্যাব্রিক এক্সপ্রেস’। প্রথম রানার্সআপ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টু প্লাই টাইটান্স’ এবং দ্বিতীয় রানার্সআপ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম টজার এম্পায়ার’।
ট্রেজার হান্ট ক্যাটাগরিতে বিজয়ী হয় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টেরা ইনকগনিটা’। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘দ্য ডিকোড ডিভাস’ এবং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘আরটিআর বয়েজ’।
সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন প্রধান অতিথি ছিলেন। তিনি শিক্ষার্থীদের বৈজ্ঞানিক পোস্টার পরিদর্শন করেন এবং তাঁদের সৃজনশীলতা ও গবেষণাধর্মী কাজের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যবইয়ের বাইরে অর্জিত জ্ঞান তাদের কাজের মাধ্যমে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। আশা করি বুটেক্স সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করবে।’
বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থীকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান।
চ্যাম্পিয়ন ‘ফ্যাব্রিক এক্সপ্রেস’ দলের সদস্য মো. রুবায়েত রশীদ রনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হবো ভাবিনি। দলের সম্মিলিত চেষ্টা ও টিমওয়ার্কের কারণেই আমরা সফল হয়েছি। হার-জিত নয়, অংশগ্রহণ এবং অভিজ্ঞতাই আমাদের বড় অর্জন।’
আরেক চ্যাম্পিয়ন দল ‘র্যাটজিলাস’-এর সদস্য তানভীর হাসনাত তন্ময় বলেন, ‘এটি আমার জন্য নতুন ও শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। দলের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। বিচারকদের গঠনমূলক পরামর্শ আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রাপ্তি।’
বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি তাসমিয়া বিনতে ফায়জুর বলেন, ১১টি বিভাগ নিয়ে এই আয়োজন শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১০ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৭ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৭ ঘণ্টা আগে