
অপটিক্যাল ও কোয়ান্টাম মেকানিক্যাল ম্যানিপুলেশনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬ তম ইন্টারন্যাশনাল কমিশন ফর অপটিকস (আইসিও) সম্মেলনে গতকাল বৃহস্পতিবার মর্যাদাপূর্ণ গ্যালিলিও গ্যালিলি মেডেল পেয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মাহদী রহমান চৌধুরী। প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। এর ফলে মাহদী রহমান ‘আইসিও গোল্ডেন বুক’-এ স্থান পেয়েছেন।
সম্মেলনে আমন্ত্রিত বক্তাদের মধ্যে মাহদী রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী দুই বিজ্ঞানী। তাঁরা হলেন, অ্যাটোসেকেন্ড পদার্থবিজ্ঞানে অবদান রাখায় ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক অ্যান ল’হুইলিয়ার ও পালসড লেজার প্রযুক্তিতে অবদানের জন্য ২০১৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী অধ্যাপক ডোনা স্ট্রিকল্যান্ড।
অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে মাহদী ‘লাইট অ্যান্ড ম্যাটার ওয়েভ ইউজিং মাইক্রোস্কোপিক থেকে লার্জ স্কেলে অপটিক্যাল অ্যান্ড কোয়ান্টাম ম্যানিপুলেশন’ বিষয়ে বক্তব্য দেন। এরপর আলোকবিজ্ঞানের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীদের উপস্থিতিতে গ্যালিলিও গ্যালিলি পদকে ভূষিত হন তিনি।
মাহদী রহমান ২০১৭ সালে এনএসইউতে শিক্ষক হিসেবে যোগ দেন। এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ের জার্নালে তাঁর ৫২ টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি ২০১৮ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং টিডব্লিউএএসের (দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স) আন্তর্জাতিক অনুদানের অর্থে এনএসইউ অপটিকস ল্যাব প্রতিষ্ঠা করেন। তার তত্ত্বাবধানে বেশ কয়েকজন শিক্ষার্থী কর্নেল ইউনিভার্সিটি এবং জনস হপকিন্স ইউনিভার্সিটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে পিএইচডি প্রোগ্রামের জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ছাত্র মাহদী রহমান ২০১৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে অপটিকস ও ফটোনিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অসামান্য গবেষণা কৃতিত্বের জন্য তিনি দুবার এনএসইউ রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস (২০২১,২০২৩) এবং ২০১৮ সালে ইউজিসি গোল্ড মেডেল পান।
১৯৯৪ সাল থেকে অপটিকস এবং কোয়ান্টাম গবেষণার জন্য প্রতি বছর একজন বিজ্ঞানীকে এই পুরস্কার দেওয়া হয়। অতীতে এই পুরস্কার অর্জনকারীদের মধ্যে রয়েছেন ভারতের অধ্যাপক অজয় ঘটক, দক্ষিণ আফ্রিকার অধ্যাপক মালিক মাজা এবং রাশিয়ার অধ্যাপক ভিক্টর বালিকিন। মাহদী রহমানের অর্জন বিশ্ব বৈজ্ঞানিক সম্প্রদায়ে বাংলাদেশের অবস্থানকে এগিয়ে নেবে এবং বাংলাদেশের বিজ্ঞানীদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বইয়ের পাশাপাশি শিক্ষকের লেকচারও সমান গুরুত্বপূর্ণ। ক্লাসে শিক্ষক যা পড়ান, পরীক্ষার আগে সেই নোটই হয়ে ওঠে সবচেয়ে প্রয়োজনীয় সহায়ক। তবে নোট নেওয়া মানে শিক্ষকের সব কথা হুবহু লিখে ফেলা নয়—এর রয়েছে কিছু কার্যকর কৌশল। আজ থাকছে সেসব নিয়ে।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের জন্য এক রাজকীয় সুযোগ নিয়ে এসেছে ‘ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ’ (আইপিএস) ২০২৬। বিশ্বের যেকোনো প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর আবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ২০২৫ সালের এই বৃত্তি পরীক্ষা নতুন উদ্যমে শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে গড়ে তুলবে। এই পরীক্ষার খুঁটিনাটি নিয়ে থাকছে আজকের আয়োজন।
১ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলতি মাসের শেষে অনুষ্ঠিত হতে পারে। আজ শুক্রবার এই তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
১৫ ঘণ্টা আগে