Ajker Patrika

ক্লাসে নোট নেওয়ার ৫ পদ্ধতি

শিক্ষা ডেস্ক
ক্লাসে নোট নেওয়ার ৫ পদ্ধতি
ছবি: সংগৃহীত

যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বইয়ের পাশাপাশি শিক্ষকের লেকচারও সমান গুরুত্বপূর্ণ। ক্লাসে শিক্ষক যা পড়ান, পরীক্ষার আগে সেই নোটই হয়ে ওঠে সবচেয়ে প্রয়োজনীয় সহায়ক। তবে নোট নেওয়া মানে শিক্ষকের সব কথা হুবহু লিখে ফেলা নয়—এর রয়েছে কিছু কার্যকর কৌশল। আজ থাকছে সেসব নিয়ে।

দ্য আউটলাইন মেথড

নোট নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতিগুলোর একটি এটি। এখানে বিস্তারিত না লিখে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিন্যাস করে তুলে ধরা হয়। পৃষ্ঠার বাঁ পাশে মূল বিষয় লিখে তার নিচে সাব-টপিক সাজাতে হয়। প্রতিটি সাব-টপিকের নিচে গুরুত্বপূর্ণ তথ্য, সম্ভাব্য প্রশ্ন বা অতিরিক্ত জানার প্রয়োজনীয় বিষয়গুলো উল্লেখ করা যায়।

এ পদ্ধতির বড় সুবিধা হলো নোট থাকে গোছানো, বিষয় বোঝা সহজ হয় এবং পরীক্ষার আগে অল্প সময়ে রিভিশন দেওয়া যায়।

দ্য কর্নেল মেথড

এই পদ্ধতিতে একটি পৃষ্ঠাকে দুটি উল্লম্ব কলামে ভাগ করা হয়। নিচের এক-তৃতীয়াংশ অংশ আলাদা করে রাখলে পৃষ্ঠাটি দেখতে উল্টো ‘টি’ আকৃতির হয়। বাঁ পাশে গুরুত্বপূর্ণ শব্দ বা কি-ওয়ার্ড, আর ডান পাশে তার ব্যাখ্যা লিখতে হয়। এতে নোট থাকে সুশৃঙ্খল এবং দ্রুত রিভিউ করা সহজ হয়।

দ্য বক্সিং মেথড

যাঁরা লেখার পাশাপাশি চিত্র, ফ্লোচার্ট বা বক্স ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাঁদের জন্য এই পদ্ধতি উপযোগী। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলাদা বক্সের মধ্যে লেখা হয় এবং প্রয়োজনে তীরচিহ্ন দিয়ে ধারাবাহিকতা বোঝানো যায়। এতে নোট দেখতে আকর্ষণীয় হয় এবং তথ্য সহজে মনে রাখা যায়।

দ্য চার্টিং মেথড

এই মেথডে চার্টের মাধ্যমে তথ্য নোট করা হয়। মূলত তথ্যবহুল লেকচারের জন্য এই পদ্ধতি বিশেষ কার্যকর। একটি পৃষ্ঠায় একাধিক কলাম তৈরি করে প্রতিটির জন্য আলাদা কি-ওয়ার্ড নির্ধারণ করতে হয়। তথ্যগুলো টেবিল বা চার্ট আকারে সাজানো হয়। সাধারণ জ্ঞান বা তুলনামূলক বিষয় সহজে আয়ত্তে আনতে এবং পার্থক্য মনে রাখতে এই পদ্ধতি খুবই সহায়ক।

দ্য ম্যাপিং মেথড

জটিল কোনো বিষয় সহজভাবে বোঝার জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়। প্রথমে মূল টপিক লিখে তার নিচে বা চারপাশে সাব-টপিকগুলো শাখার মতো সাজানো হয়। এভাবে নোট করলে বিষয়গুলোর পারস্পরিক সম্পর্ক পরিষ্কারভাবে বোঝা যায় এবং মনে থাকে দীর্ঘদিন।

দ্য সেনটেন্স মেথড

এটি সবচেয়ে সহজ নোট নেওয়ার পদ্ধতি। এখানে শিক্ষকের লেকচার থেকে গুরুত্বপূর্ণ তথ্য, টার্ম ও আইডিয়াগুলো ধারাবাহিকভাবে লেখা হয়। পরীক্ষার আগে বইয়ের পাশাপাশি এই নোট পড়লে অনেক বিষয়ই পরিষ্কার হয়ে যায়।

নোট নেওয়ার সময় যা মনে রাখা জরুরি

নোট নেওয়ার আগে বুঝে নিতে হবে শিক্ষক কী পড়াচ্ছেন। তাতে করে কোন বিষয়ের জন্য কোন পদ্ধতি উপযুক্ত, তা নির্ধারণ করা সহজ হয়। প্রয়োজনে একাধিক পদ্ধতির সমন্বয়ও করা যেতে পারে। শুধু নোট করলেই হবে না, ক্লাস শেষে তা অবশ্যই রিভিউ করতে হবে। পাশাপাশি বই থেকে পাওয়া অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্যও নোটে যোগ করলে পড়াশোনা আরও সহজ ও কার্যকর হবে।

সবশেষে বলা যায়, নোট নেওয়া কেবল লেখার কাজ নয়—এটি একটি স্মার্ট শেখার প্রক্রিয়া। নিজের জন্য উপযোগী পদ্ধতি বেছে নিয়ে নিয়মিত অনুশীলন করলে পড়াশোনা হবে আরও গোছানো, সহজ ও ফলপ্রসূ।

গ্রন্থনা: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু জীবিত উদ্ধার

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

নিখোঁজ পাইলটদের খুঁজতে গিয়ে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার: মেহের নিউজ

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত