ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তি, আবেদন ২৪ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট’ প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি কোর্সের ১০ম ব্যাচ (জানুয়ারি-জুন ২০২৭ সেমিস্টার)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ মাস মেয়াদি (৩ সেমিস্টার) এই কোর্সে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা ২৪ ডিসেম্বর ২০২৬ সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভাগীয় অফিস অথবা নির্ধারিত ওয়েবসাইট লিংক থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র এবং নগদ ১ হাজার ৫০০ টাকা ফিসহ উল্লিখিত সময়ের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
আগামী ২৬ ডিসেম্বর শনিবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তিসংক্রান্ত যেকোনো যোগাযোগ ও বিস্তারিত তথ্যের জন্য কলা ভবনের নিচতলায় অবস্থিত ১০২০ নম্বর কক্ষে সরাসরি অথবা বিজ্ঞপ্তিতে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।









