Ajker Patrika

১ ডিসেম্বর শুরু ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন, আসন ১৫৪৫

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২০: ৩৭
১ ডিসেম্বর শুরু ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন, আসন ১৫৪৫
ছবি: সংগৃহীত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

গত ২৬ নভেম্বর প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব শাখায় বাংলা ভার্সনে এবং শুধু মূল শাখায় ইংরেজি ভার্সনে শিক্ষার্থী ভর্তি করা হবে। উভয় ভার্সনে প্রভাতি ও দিবা শিফট রয়েছে। ভর্তির আবেদন করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। এ ক্ষেত্রে মাউশির ২০২৭ সালের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করা হবে।

কোন শাখায় কত আসন

ভিকারুননিসার মূল শাখায় বাংলা ভার্সনের প্রভাতি শিফটে ২৭৫টি এবং দিবা শিফটে ২২০টি আসন রয়েছে। ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে আসন রয়েছে ১১০টি করে। এ শাখায় মোট আসন ৭১৫টি।

এ ছাড়া ধানমন্ডি শাখায় প্রভাতি ও দিবা শিফটে ৮৫টি করে মোট ১৭০টি, বসুন্ধরা শাখায় ১৬৫টি করে মোট ৩৩০টি এবং আজিমপুর শাখায় ১৬৫টি করে মোট ৩৩০টি আসন রয়েছে।

ক্যাচমেন্ট এলাকা

ভর্তির ক্ষেত্রে শাখাভিত্তিক ক্যাচমেন্ট এলাকাও নির্ধারণ করা হয়েছে। মূল শাখার জন্য রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা ক্যাচমেন্ট এলাকা হিসেবে রাখা হয়েছে।

ধানমন্ডি শাখার জন্য ধানমন্ডি ও কলাবাগান থানা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে বসুন্ধরা শাখার ক্যাচমেন্ট এলাকার মধ্যে রয়েছে ভাটারা, খিলক্ষেত ও গুলশান থানা। আজিমপুর শাখার জন্য নির্ধারণ করা হয়েছে লালবাগ, চকবাজার ও নিউ মার্কেট থানা।

আবেদন পদ্ধতি ও ফি

ভর্তির আবেদন করতে হবে অনলাইনে, এই লিংকে https://gsa.teletalk.com.bd। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষায়

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আসন শূন্য থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। বার্ষিক পরীক্ষা শেষে এসব শ্রেণির শূন্য আসনের সংখ্যা জানানো হবে। এসব শ্রেণিতে ভর্তির আবেদন, ভর্তি পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত