থাইল্যান্ডের বিদ্যাসিরিমেধি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ভিসটেক) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি বৃত্তির ঘোষণা দিয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য এ বৃত্তি দেওয়া হবে। আবেদনের জন্য কোনো ফি লাগবে না।
বিজ্ঞান, প্রকৌশল, জ্বালানি, আণবিক বিজ্ঞান, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে এ বৃত্তিতে। মেধাবী শিক্ষার্থীদের থাইল্যান্ডে বিনা খরচে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ করে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।
বৃত্তির সুযোগ-সুবিধা
ভিসটেকের এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা পড়াশোনা ও গবেষণার জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে রয়েছে:
- সম্পূর্ণ টিউশন ফি।
- প্রতি মাসে নির্ধারিত ভাতা।
- গবেষণার যাবতীয় খরচ।
- আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের জন্য যাতায়াত ব্যয়।
বিদেশে গবেষণা পরিচালনার প্রয়োজনীয় খরচ।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
ভিসটেকের চারটি স্কুলের অধীনে বিভিন্ন বিষয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে।
১. স্কুল অব মলিকিউলার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই)
এ স্কুলে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন অথবা শেষ পর্যায়ে থাকতে হবে। যোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, পলিমার সায়েন্স, পলিমার ইঞ্জিনিয়ারিং, সিরামিক ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।
২. স্কুল অব এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই)
এ স্কুলেও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন কিংবা শেষ পর্যায়ে থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, পলিমার সায়েন্স, পলিমার ইঞ্জিনিয়ারিং, সিরামিক ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।
৩. স্কুল অব বায়োমলিকিউলার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসই)
এ স্কুলে মাস্টার্স ও পিএইচডি উভয় পর্যায়ে আবেদনের সুযোগ রয়েছে।
মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থী অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগ্য বিষয়গুলো হলো:
রসায়ন, প্রাণরসায়ন, জীবপ্রযুক্তি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়।
কেমিক্যাল, বায়োলজিক্যাল, এনভায়রনমেন্টাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয়।
ফার্মেসি, মেডিকেল টেকনোলজি ও সংশ্লিষ্ট ফলিত বিজ্ঞানের বিষয়।
পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থী অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। যোগ্য বিষয়গুলো মাস্টার্স প্রোগ্রামের অনুরূপ। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে রসায়ন, প্রাণরসায়ন, জীবপ্রযুক্তি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সংশ্লিষ্ট প্রকৌশল ও ফলিত বিজ্ঞানের বিষয়ে ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া আবেদনকারীদের ভালো একাডেমিক ফল থাকতে হবে অথবা আন্তর্জাতিক জার্নালে স্নাতকোত্তর পর্যায়ের গবেষণাপত্র প্রকাশিত থাকতে হবে।
৪. স্কুল অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি)
এ স্কুলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন কিংবা শেষ পর্যায়ে থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, পলিমার সায়েন্স, পলিমার ইঞ্জিনিয়ারিং, সিরামিক ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।
প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সেগুলো হলো:
১. হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
২. শিক্ষাগত যোগ্যতার সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৩. স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) বা উদ্দেশ্যবিষয়ক বিবৃতি।
৪. সুপারিশপত্র।
৫. ইংরেজি ভাষায় দক্ষতার সনদ। এ ক্ষেত্রে টোফেল (আইবিটি), আইইএলটিএস অথবা সিইউ-টিইপি স্কোর জমা দিতে হবে। তবে ভর্তি কমিটি চাইলে এ শর্তে ছাড় দিতে পারে।
৬. প্রকাশিত গবেষণাপত্র, পুরস্কার ও সম্মাননার বিবরণ।
৭. পোর্টফোলিও এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র।
আবেদনের নিয়ম
আগ্রহী শিক্ষার্থীদের ভিসটেকের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিটি স্কুলের জন্য রয়েছে আলাদা আবেদন লিংক। পছন্দের স্কুল নির্বাচন করে সংশ্লিষ্ট স্কুলের অধীনে থাকা ‘Apply’ অপশনে ক্লিক করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের ওয়েবসাইট: surl.li/mpcmva
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৭।










