জীবনের পথে চলতে গিয়ে কখনো কখনো একাকিত্ব আমাদের ঘিরে ধরে। মনে হয়, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, কথা বলার মতো কোনো বন্ধু নেই। এমন সময়ে নিজেকে একা ভেবে থমকে যাওয়ার কিছু নেই। কারণ, নিজের সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠার ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে। নিজের শক্তি, সাহস ও আত্মবিশ্বাস কাজে লাগিয়ে হয়ে উঠতে পারেন নিজের শ্রেষ্ঠ বন্ধু। জেনে নিন, কীভাবে।
নিজের সক্ষমতা চ্যালেঞ্জ করুন
আপনি যদি নিজের দলের সবচেয়ে দ্রুতগতির দৌড়বিদ হন, তবে বুঝতে হবে, এবার নতুন প্রতিযোগিতায় নামার সময় এসেছে। ‘আমার আর কিছু শেখার বা জানার নেই’, এমন ভাবনা আত্মোন্নয়নের পথে বড় বাধা। এই ধারণা মানুষকে এক জায়গায় আটকে রাখে। ফলে নতুন কিছু শেখার আগ্রহ কমে যায়, থেমে যায় নিজেকে সমৃদ্ধ করার প্রচেষ্টাও।
মনে রাখবেন, আপনি যখন নিজের অর্জনেই সন্তুষ্ট হয়ে বসে আছেন, তখন অন্য কেউ হয়তো নতুন কিছু শেখার চেষ্টায় এগিয়ে যাচ্ছে। তাই অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী করে তুলুন। প্রতিদিন গতকালের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করুন।
স্বপ্নপূরণে দায়বদ্ধ থাকুন
স্বপ্ন দেখেন সবাই। কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন নিরন্তর চেষ্টা, ধৈর্য ও দায়বদ্ধতা। শুধু স্বপ্ন দেখলেই গন্তব্যে পৌঁছানো যায় না, এর জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হয়, প্রয়োজনে ত্যাগ স্বীকার করতে হয়।
জীবনে নিজেকে মূল্যবান করে তুলতে চাইলে পরিশ্রমের মানসিকতা গড়ে তুলুন। নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকুন। পথ যত কঠিনই হোক, স্বপ্নপূরণের দায়িত্ব নিজের কাঁধেই নিন। মনে রাখবেন, আপনার স্বপ্ন বাস্তবায়নের সবচেয়ে বড় দায়িত্ব আপনারই।
পরিস্থিতির নয়, নিজের চিন্তার নিয়ন্ত্রণ নিন
জীবনের প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে টিকে থাকবেন, তা অনেকটাই নির্ভর করে আপনার চিন্তাভাবনা ও কর্মপদ্ধতির ওপর। সফলতা কিংবা ব্যর্থতার পেছনেও এসবের প্রভাব রয়েছে। অথচ অনেক সময় আমরা নিজেকে পরিস্থিতির শিকার মনে করে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।
কিন্তু পরিস্থিতি যেমনই হোক, তার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ও প্রতিক্রিয়াই শেষ পর্যন্ত অনেক কিছু নির্ধারণ করে। বিষয়টি বোঝাতে আলু ও ডিমের উদাহরণ দেওয়া যায়। উত্তপ্ত পানিতে আলু নরম হয়ে যায়, অথচ ডিম ভেতর থেকে শক্ত হয়। একই পরিস্থিতি ভিন্নভাবে প্রভাব ফেলে দুটির ওপর। তেমনি প্রতিকূলতায় আপনি কীভাবে নিজেকে সামলাবেন, সেটিই আপনার মানসিক দৃঢ়তার পরিচয়।
নিজের জীবনে পরিবর্তন আনুন
জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে, যখন এগোনোর পথ বন্ধ মনে হয়। মনে হয়, যাওয়ার মতো কোনো জায়গা নেই। কিন্তু একটি বন্ধ দরজাও যেমন নিজের চেষ্টায় খোলা সম্ভব, তেমনি জীবনের বাধাগুলোও অতিক্রম করা যায় উদ্যোগ ও সাহসের মাধ্যমে।
বাধা দেখে থেমে যাবেন না। প্রয়োজন হলে নিজের চিন্তাভাবনা, অভ্যাস ও কাজের ধরনে পরিবর্তন আনুন। নতুন পথ খুঁজুন, নতুনভাবে শুরু করুন। মনে রাখবেন, পরিবর্তনের সূচনা করতে হবে নিজেকে। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে এগিয়ে যান।
থেমে যাবেন না
জীবনের বিপদ-আপদকে পানিতে পড়ে যাওয়ার সঙ্গে তুলনা করা যায়। পানিতে পড়ে যাওয়া মানেই ডুবে যাওয়া নয়। তেমনি বিপদে পড়া মানেই সব পথ বন্ধ হয়ে যাওয়া নয়। প্রতিকূল পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বুদ্ধি, ধৈর্য ও সাহস কাজে লাগিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। প্রয়োজনে অন্যের সহযোগিতাও নিতে হবে।
মনে রাখবেন, জীবনে আটকে যাওয়া মানেই সবকিছুর সমাপ্তি নয়। সেখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের শক্তিকে চিনুন। কারণ, কঠিন সময়ে নিজেকে সাহস জোগানোর সবচেয়ে বড় শক্তি আপনিই। তাই একাকিত্ব কিংবা প্রতিকূলতায় ভেঙে না পড়ে নিজেই হয়ে উঠুন নিজের শ্রেষ্ঠ বন্ধু।









-3bde97-256x144.webp)
-0cae79-256x144.webp)