Ajker Patrika

কুবিতে কাশের দোলায় শরৎ নামে

মংক্যএ মার্মা
কুবিতে কাশের দোলায় শরৎ নামে

মাথার ওপরে নীল আকাশ, সাদা মেঘের ভেলা। আর নিচে বাতাসের দোলায় দুলছে সাদা কাশফুল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশ দিয়ে হাঁটলেই চোখে পড়ে এই দৃশ্য। লালমাটির বুকে সাদা কাশের শিষ যেন আমাদের শরতের বার্তা জানিয়ে দিচ্ছে।

ক্লাস শেষ করে কেউ হাঁটছেন। কেউ আবার থেমে দাঁড়াচ্ছেন। মুঠোফোনে তুলে রাখছেন কাশফুলের ছবি। কেউ ছবিটি দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শরতের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি কাশফুল। কুবির লালমাটির ক্যাম্পাসে খোলা জায়গার পাশে ফুটে থাকা সাদা কাশফুল সেই পরিচয় আরও স্পষ্ট করে তুলেছে। আকাশ পরিষ্কার থাকলে সাদা মেঘ আর কাশফুলের মধ্যে তৈরি হয় দারুণ এক মিল।

নীল আকাশের নিচে সাদা কাশফুল যেন প্রকৃতির নিজস্ব সাজ। এই সময়টায় শিক্ষার্থীদের কাছেও ক্যাম্পাসটি একটু অন্য রকম লাগে। প্রতিদিনের ক্লাস, পরীক্ষা, সংগঠনের কাজ কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডার ব্যস্ততার মাঝেও কাশফুলের দিকে চোখ পড়ে।

কুবির লালমাটির পথ ধরে হাঁটলে বিভিন্ন জায়গায় দেখা যায় কাশফুল। কোথাও গাছের আড়ালে। কোথাও খোলা জায়গায়। আবার কোথাও পথের একেবারে কাছেই দুলছে সাদা শিষ। বাতাস এলেই কাশফুলগুলো একসঙ্গে দুলে ওঠে। কখনো ধীরে, কখনো একটু জোরে। মনে হয়, মাঠের পাশে সাদা ঢেউ উঠেছে। শুধু কাশফুল নয়, ক্যাম্পাসের আরও অনেক দৃশ্যই ঋতু বদলের কথা বলে। আকাশের রং, বাতাসের গতি, রোদ-বৃষ্টি, গাছের পাতা কিংবা মাঠে খেলতে থাকা শিক্ষার্থীরাও সেই পরিবর্তনের সাক্ষী।

বিকেলে কোনো সংগঠনের আয়োজন কিংবা কয়েকজন তরুণের আড্ডাও যেন ক্যাম্পাসের ঋতুর ছবিতে নতুন কিছু যোগ করে। তবে এই কাশফুল বেশি দিন থাকবে না। কিছুদিন পর সাদা শিষগুলো হারিয়ে যাবে। বদলে যাবে ক্যাম্পাসের চেনা দৃশ্য। আবার কোনো সকালে কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ঋতুর নতুন রূপ দেখবে শিক্ষার্থীরা। গ্রীষ্মের রোদে গাছের ছায়ায় দাঁড়িয়েও টের পাওয়া যাবে সময়ের বদল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত