Ajker Patrika

আইইএলটিএস স্পিকিং পরীক্ষা যেভাবে হয়

আব্দুর রাজ্জাক খান
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১০: ২২
আইইএলটিএস স্পিকিং পরীক্ষা যেভাবে হয়
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি

ইংরেজিতে কতটি শব্দ জানেন, সেটি আইইএলটিএস স্পিকিং পরীক্ষার একমাত্র মাপকাঠি নয়। এখানে দেখা হয়, আপনি কীভাবে কথা বলেন, কীভাবে ভাব প্রকাশ করেন, আর একজন মানুষের সঙ্গে কতটা স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারেন। পুরো পরীক্ষা যেন একটি আন্তরিক আলাপ। পরীক্ষক প্রশ্ন করবেন, আপনি উত্তর দেবেন। কথোপকথনের সেই স্বাভাবিক প্রবাহেই পরিমাপ করা হবে আপনার ভাষাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও ভাব প্রকাশের সক্ষমতা।

এই পরীক্ষায় মুখস্থ উত্তর শোনার অপেক্ষায় থাকেন না পরীক্ষক। বরং জানতে চান আপনার নিজের কথা। তাই নিখুঁত হওয়ার চাপ নয়, স্বাভাবিকভাবে কথা বলার অভ্যাসই এখানে সবচেয়ে বড় শক্তি।

স্পিকিং পরীক্ষা তিনটি অংশে অনুষ্ঠিত হয়। প্রতিটি অংশের ধরন আলাদা। ধাপে ধাপে মূল্যায়ন করা হয়, আপনি কতটা সাবলীল, আত্মবিশ্বাসী ও কার্যকরভাবে ইংরেজিতে নিজের ভাব প্রকাশ করতে পারেন। পুরো সাক্ষাৎকার রেকর্ড করা হয়, যাতে মূল্যায়ন হয় আরও নির্ভুল ও নিরপেক্ষ।

যেভাবে নম্বর দেওয়া হয়

পুরো পরীক্ষায় একজন সনদপ্রাপ্ত আইইএলটিএস পরীক্ষক আপনার পারফরম্যান্স মূল্যায়ন করেন। নম্বর দেওয়া হয় চারটি বিষয়ের ওপর ভিত্তি করে—

  • সাবলীলতা ও ভাবের ধারাবাহিকতা
  • শব্দভান্ডারের ব্যবহার
  • ব্যাকরণের বৈচিত্র্য ও শুদ্ধতা
  • উচ্চারণ

সাবলীলতা ও ভাবের ধারাবাহিকতা

আপনি কতটা স্বাভাবিক গতিতে কথা বলতে পারেন, সেটিই এখানে দেখা হয়। অপ্রয়োজনীয় থেমে যাওয়া বা অতিরিক্ত দ্বিধা নম্বর কমাতে পারে। একই সঙ্গে দেখা হয়, একটি বাক্য থেকে আরেকটি বাক্যে আপনি কতটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। সংযোগকারী শব্দ, সর্বনাম ও অন্যান্য ভাষাগত উপাদানের সঠিক ব্যবহার আপনার বক্তব্যকে আরও স্বাভাবিক করে তোলে।

শব্দভান্ডারের ব্যবহার

বেশি শব্দ জানলেই ভালো নম্বর পাওয়া যায় না। প্রয়োজন অনুযায়ী সঠিক শব্দ বেছে নেওয়ার দক্ষতাই এখানে আপনাকে এগিয়ে রাখবে। কোনো শব্দ মনে না এলে ভিন্নভাবে একই ভাব প্রকাশ করতে পারাও একটি বড় দক্ষতা। পরীক্ষক এটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

ব্যাকরণের বৈচিত্র্য ও শুদ্ধতা

সব সময় একই ধরনের বাক্য ব্যবহার না করে বিভিন্ন ধরনের বাক্য গঠন ব্যবহার করা উচিত। পাশাপাশি ব্যাকরণ যেন স্বাভাবিক ও শুদ্ধ থাকে, সেদিকেও নজর দেন পরীক্ষক।

উচ্চারণ

উচ্চারণ মানেই ব্রিটিশ বা আমেরিকান টান নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার কথা যেন পরিষ্কারভাবে বোঝা যায়। স্পষ্ট, স্বাভাবিক ও বোধগম্য উচ্চারণই এখানে ভালো নম্বর পাওয়ার অন্যতম শর্ত।

স্পিকিং পরীক্ষার সারসংক্ষেপ

মোট সময়: ১১–১৪ মিনিট

মোট অংশ: ৩টি

পার্ট–১: পরিচয় ও সাধারণ কথোপকথন

সময়: ৪–৫ মিনিট

পরীক্ষার শুরুতে পরীক্ষক নিজের পরিচয় দেন। এরপর আপনার পরিচয় জানতে চান। তারপর শুরু হয় খুব পরিচিত বিষয় নিয়ে আলাপ। বাসা, পরিবার, পড়াশোনা, কাজ, শখ কিংবা আগ্রহ—এসব নিয়েই প্রশ্ন করা হয়।

এই অংশে দেখা হয়, দৈনন্দিন বিষয় নিয়ে আপনি কতটা স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। নিজের সম্পর্কে তথ্য দেওয়া, মতামত প্রকাশ করা এবং সহজ প্রশ্নের সাবলীল উত্তর দেওয়ার সক্ষমতাই এখানে মূল বিবেচ্য।

পার্ট–২: নির্ধারিত বিষয়ে একক বক্তব্য

সময়: ৩–৪ মিনিট (প্রস্তুতির সময়সহ)

এ অংশে পরীক্ষক একটি টাস্ক কার্ড দেন। সেখানে একটি নির্দিষ্ট বিষয়ে প্রায় দুই মিনিট কথা বলতে হয়। কার্ডে কয়েকটি নির্দেশনা থাকে। বক্তব্যে সেগুলো অন্তর্ভুক্ত করতে হয়। পাশাপাশি বিষয়টির একটি দিক ব্যাখ্যা করতেও বলা হয়। প্রস্তুতির জন্য এক মিনিট সময় দেওয়া হয়। এ সময় একটি কাগজ ও পেনসিল দেওয়া হয়, যাতে প্রয়োজনীয় নোট নেওয়া যায়।

এই এক মিনিটই হতে পারে আপনার সবচেয়ে মূল্যবান সময়। পরিকল্পনা করে নিলে দুই মিনিটের বক্তব্য অনেক বেশি আত্মবিশ্বাসী, গোছানো ও স্বাভাবিকভাবে উপস্থাপন করা সম্ভব। সময় শেষ হলে পরীক্ষক বক্তব্য থামিয়ে দেন। এরপর একই বিষয়ে এক বা দুটি অতিরিক্ত প্রশ্ন করতে পারেন।

এ অংশে মূল্যায়ন করা হয়, আপনি নির্ধারিত বিষয়ে কতটা ধারাবাহিকভাবে কথা বলতে পারেন, ভাবগুলো কতটা যৌক্তিকভাবে সাজাতে পারেন এবং প্রয়োজন হলে ব্যক্তিগত অভিজ্ঞতার উদাহরণ দিয়ে বক্তব্যকে কতটা সমৃদ্ধ করতে পারেন।

পার্ট–৩: আলোচনা

সময়: ৪-৫ মিনিট

এটি স্পিকিং পরীক্ষার সবচেয়ে বিশ্লেষণধর্মী অংশ। এখানে পার্ট-২-এর বিষয়কে কেন্দ্র করে আরও বিস্তৃত ও বিমূর্ত প্রশ্ন করা হয়। কখনো কোনো মতামত ব্যাখ্যা করতে, কখনো তুলনা করতে, আবার কখনো ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ করতে বলা হয়।

এই অংশে দেখা হয়, আপনি কতটা যুক্তি দিয়ে নিজের মতামত ব্যাখ্যা করতে পারেন, আলোচনা এগিয়ে নিতে পারেন এবং জটিল বিষয় নিয়েও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারেন।

মনে রাখতে হবে, আইইএলটিএস স্পিকিং পরীক্ষা নিখুঁত ইংরেজি বলার প্রতিযোগিতা নয়। এটি স্বাভাবিক যোগাযোগের পরীক্ষা। তাই মুখস্থ উত্তর নয়, নিজের ভাষায় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলাই ভালো স্কোরের সবচেয়ে নির্ভরযোগ্য পথ। নিয়মিত ইংরেজিতে কথা বলার অভ্যাসই হতে পারে সফল প্রস্তুতির সবচেয়ে কার্যকর উপায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত