ভারতে শিক্ষা সফর: শিক্ষা, সংস্কৃতি ও বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধন

মাস কয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত ঘুরে এসেছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ভারতীয় সাংস্কৃতিক সম্বন্ধ পরিষদের (আইসিসিআর) যৌথ উদ্যোগে আয়োজিত এই শিক্ষার্থী ভ্রমণ কর্মসূচির আওতায় গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত এ সফর হয়।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের নেতৃত্বে অনুষ্ঠিত এই শিক্ষা সফরটি ছিল ভারতের জ্ঞান, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে জানার এক দারুণ সুযোগ। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তোলারও সুযোগ ছিল এ সফর।
সফরের সূচনা
১ জুলাই ২০২৬ (বুধবার) দিল্লিতে পা রাখার মধ্য দিয়ে প্রতিনিধি দলের ভারত সফরের সূচনা হয়। পরবর্তী কয়েকটি দিনজুড়ে রাজধানী দিল্লি, ঐতিহাসিক বারাণসী এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ আগ্রায় বিভিন্ন শিক্ষামূলক, একাডেমিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।
পরদিন ২ জুলাই ছিল সফরের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এদিন প্রতিনিধি দল দিল্লির রবীন্দ্র ভবনে সাহিত্য একাডেমির সচিব ড. বরুণ গুলাটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। তারপর প্রতিনিধি দল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন স্কুলের ডিন অধ্যাপক শোভা শিবশঙ্করণ এবং ভারতীয় ভাষা কেন্দ্রের (সিআইএল) প্রধান অধ্যাপক সুধীর প্রতাপ সিংয়ের উপস্থিতিতে ভাষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত একাডেমিক মতবিনিময় হয় এ সময়। একই দিন প্রতিনিধি দল বসন্ত কুঞ্জে অবস্থিত দিল্লি পাবলিক স্কুল পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে। দিনের উল্লেখযোগ্য আকর্ষণ ছিল দিল্লির লাডো সরাইয়ের কিলা রাই পিথোরায় অনুষ্ঠিত পিপারওয়া বুদ্ধ রেলিক ইন্টারন্যাশনাল এক্সিবিশন পরিদর্শন।

ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে দিল্লি
৩র জুলাই ছিল ভারতের আধুনিক রাজনৈতিক ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। এ দিন প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য মুঘল সম্রাট হুমায়ূনের সমাধি পরিদর্শন করে প্রতিনিধি দল। তারপর প্রতিনিধি দল দিল্লি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের ডিরেক্টর অধ্যাপক রজনী আব্বী, কলা অনুষদের ডিন অধ্যাপক ঊর্মি নন্দা বিশ্বাস ও হিন্দি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুধা সিংয়ের উপস্থিতিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় হয়।
৪ জুলাই দিল্লির ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রত্যক্ষ করার এক সমৃদ্ধ দিন ছিল। এ দিন প্রতিনিধি দল জাতীয় জাদুঘর, ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কুতুব মিনার ও লাল কেল্লা এবং ঐতিহাসিক জামে মসজিদ পরিদর্শন করে। সন্ধ্যায় মণ্ডি হাউসের এলটিজি অডিটোরিয়ামে হিন্দি গীতিনাট্য ‘শশী পুন্নু’ সফরকে আরও বৈচিত্র্যময় করে তোলে।

বারাণসী: গঙ্গা ও ভারতীয় ঐতিহ্যের সান্নিধ্যে
৫ জুলাই প্রতিনিধি দল দিল্লি থেকে উত্তর প্রদেশের বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করে। সন্ধ্যায় অলকানন্দা ক্রুজে বারাণসীর আস্সী ঘাট থেকে নমঃ ঘাট পর্যন্ত নৌভ্রমণের মাধ্যমে গঙ্গাতীরের বিভিন্ন ঐতিহাসিক ঘাট প্রত্যক্ষ করা ছিল এক অনন্য সাংস্কৃতিক ও নান্দনিক অভিজ্ঞতা।
৬ জুলাই প্রতিনিধি দল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অজিত কুমার চতুর্বেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। তারপর হিন্দি বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক রাজ কুমারের উপস্থিতিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে গুরুত্বপূর্ণ একাডেমিক মতবিনিময় হয়। একই দিন বিকেলে ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ‘সারনাথ’ ও ‘সারনাথ প্রত্নতাত্ত্বিক জাদুঘর’ পরিদর্শন করে প্রতিনিধি দল।
আগ্রা: স্থাপত্য ও শিল্প ঐতিহ্যের অপার বিস্ময়
৭ জুলাই প্রতিনিধি দল বারাণসী থেকে দিল্লি হয়ে আগ্রার উদ্দেশ্যে যাত্রা করে। এ দিন বিকেলে ইতমাদ-উদ-দৌলা, সিকান্দ্রা ও উত্তর প্রদেশ হস্তশিল্প কমপ্লেক্সে যায় প্রতিনিধি দল।
৮ জুলাই প্রতিনিধি দল আগ্রায় কেন্দ্রীয় হিন্দি সংস্থানের প্রধান কার্যালয় পরিদর্শন করে। সেখানে সংস্থানের পরিচালক অধ্যাপক হরি শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। এ দিন ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ‘তাজমহল’ ও ‘আগ্রা কেল্লা’ পরিদর্শন করে প্রতিনিধি দল ভারতের স্থাপত্য, ইতিহাস ও শিল্প ঐতিহ্য সম্পর্কে অনন্য অভিজ্ঞতা লাভ করে।

আইসিসিআর: ভাষা ও সংস্কৃতির আন্তর্জাতিক সেতুবন্ধন
৯ জুলাই দিল্লির আজাদ ভবনে ভারতীয় সাংস্কৃতিক সম্বন্ধ পরিষদের (আইসিসিআর) মহাপরিচালক কে. নন্দিনী সিংলার সঙ্গে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। সভাপতির বক্তব্যে মহাপরিচালক বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে যুবসমাজ, ভাষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ আলোকপাত করেন। একই দিন আজাদ ভবনে আইসিসিআর স্কলারশিপ নিয়ে দিল্লিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতিনিধি দলের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়। এ দিন আজাদ ভবনে প্রতিনিধি দলের জন্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ওপর বিশেষ বক্তৃতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
১০ জুলাই প্রতিনিধি দল ভারতের ইতিহাস, শিল্প, সাহিত্য, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে ঢাকায় ফেরে।
একাডেমিক বিনিময়ের নতুন দিগন্ত
এই শিক্ষা সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নততর হিন্দি ভাষা শিক্ষা, একাডেমিক সম্পদ, গবেষণার সুযোগ এবং ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত প্রতিষ্ঠানে পরিচালিত ভাষা-শিক্ষণ কর্মসূচিতে আরও অধিকতর সুযোগ সৃষ্টির সম্ভাবনা অনুসন্ধান করা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়ে হিন্দি ভাষা শিক্ষার ক্ষেত্রে একাডেমিক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী করার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হয়। আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এসব আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাঁদের ইতিবাচক ও গঠনমূলক মনোভাব প্রকাশের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন। এই একাডেমিক সংযোগগুলো ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী পর্যায়ে নতুন যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আইসিসিআর শিক্ষার্থী ভ্রমণ কার্যক্রম ২০২৬-২৭-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি বিভাগের অংশগ্রহণ শুধু একটি শিক্ষা সফরের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দুই দেশের শিক্ষা, ভাষা ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সফর একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ভাষাগত ও সাংস্কৃতিক বিনিময়কে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে। পুরো শিক্ষা সফরজুড়ে আইসিসিআর-এর প্রতিনিধি হিসেবে এস এস লটওয়াল (সহকারী প্রোগ্রাম অফিসার, ভ্রমণ কার্যক্রম) প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

ঢাকায় অভিজ্ঞতার পুনর্মূল্যায়ন
ভারত সফর শেষে ২০ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষা সফর থেকে অর্জিত অভিজ্ঞতা শিক্ষক ও শিক্ষার্থীদের একাডেমিক, ভাষাগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করবে এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
মতবিনিময় সভায় প্রতিনিধি দলের সদস্যরা তাঁদের সফর-অভিজ্ঞতা তুলে ধরেন। দিল্লি, বারাণসী ও আগ্রার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শনকে তাঁরা অত্যন্ত তথ্যবহুল, অনুপ্রেরণাদায়ক ও সমৃদ্ধ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, উষ্ণ আতিথেয়তা ও সৌহার্দ্য তাঁদের মনে গভীর ও স্থায়ী ছাপ ফেলেছে বলেও উল্লেখ করেন তাঁরা।
ভারতীয় হাইকমিশনের কাউন্সেলর নরপৎ সিংয়ের সহযোগিতাকে স্মরণ করে এই অবিস্মরণীয় শিক্ষা সফরের সার্বিক পরিকল্পনা, সুষ্ঠু সমন্বয় এবং পেশাদারির সঙ্গে সফর বাস্তবায়নের নিবেদিতপ্রাণ প্রচেষ্টার জন্য ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব মিজ পূজা ঝার প্রতি প্রতিনিধি দল বিশেষ ধন্যবাদ জানায়। সর্বোপরি, এই শিক্ষা সফরের আয়োজন ও সফলভাবে সম্পন্ন করার জন্য ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং ভারতীয় সাংস্কৃতিক সম্বন্ধ পরিষদের (আইসিসিআর) প্রতি প্রতিনিধি দল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
লেখক: শিক্ষক (হিন্দি ভাষা), আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়









