Ajker Patrika

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৮: ১৮
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময় কয়েক দিন বাড়ানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ অনুরোধ জানান।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। তাঁকে বলব, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে। যাতে পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তাঁরাও ভর্তির আবেদনের সুযোগ পান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ নভেম্বর। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় তিন লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। এদিকে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সম্পূরক পরীক্ষা নেওয়া হবে।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাঁকে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। তবে এবার এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা একই বছর সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে সম্পূরক পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত