
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকদের একটা অংশকে আবার পাঠদান কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তবে সরকারের এ উদ্যোগে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাঁদের আশঙ্কা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনর্নিয়োগ দেওয়া হলে নতুনদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হবে। ফলে দেশে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্ব বাড়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা এবং নিয়োগে বিলম্বের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং গুণগত ও মানসম্পন্ন শিক্ষাদানের জন্য শিক্ষক পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে জেলা প্রশাসকদের ‘অবসরপ্রাপ্ত শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে শারীরিকভাবে সক্ষম ও অভিজ্ঞদের তালিকা করে একটি পুল তৈরি করতে হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির অনুমোদন নিয়ে সাময়িকভাবে ওই পুল থেকে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। এসব শিক্ষকের সম্মানী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে প্রদান করতে হবে।
সারা দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজে বর্তমানে ৬০ হাজার ২৯৫টি শিক্ষক পদ শূন্য রয়েছে। ৮ এপ্রিল জাতীয় সংসদে দেওয়া তথ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি আরও জানান, দেশে মোট ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ কর্মচারী কর্মরত।
গত বছরের ১৮ মে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী, দেশের বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৭ লাখ ৩০ হাজার। এর আগের বছরের একই সময়ে তা ছিল ২৪ লাখ। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে বেকার বেড়েছে ৩ লাখ ৩০ হাজার।
জরিপের তথ্য বলছে, বেকারদের মধ্যে সর্বোচ্চ ১৩ দশমিক ৫৪ শতাংশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। শিক্ষায় এর একটু নিচের স্তর উচ্চমাধ্যমিক শেষ করা বেকারের হার ৭ দশমিক ১৩ শতাংশ। মোট বেকারের মধ্যে মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করাদের হার ১ দশমিক ৯৬ শতাংশ।
একাধিক চাকরিপ্রার্থী জানান, নিয়োগে দীর্ঘসূত্রতার কারণে এমনিতেই অনেকের চাকরির বয়স শেষের পর্যায়ে। এর মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফের চাকরিতে ফেরানো হলে নতুন চাকরিপ্রত্যাশীদের সুযোগ কমে আসবে। ফলে তরুণ চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে, তার সঙ্গে বাড়বে বেকারত্বের বোঝা।
তবে শিক্ষাবিদদের মতে, শিক্ষকসংকট নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্পৃক্ত করা সাময়িক সমাধান হতে পারে। যদিও বর্তমান প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে তাঁরা কতটা খাপ খাওয়াতে পারবেন, তা গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। অন্যথায় গুণগত শিক্ষা নিশ্চিত করার যে লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, তা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেন, শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্তদের ফের পাঠদানে ফেরানোর উদ্যোগ সাময়িক সমাধান হিসেবে বিবেচনা করা যেতে পারে। এতে হয়তো দ্রুত শিক্ষকসংকট কিছুটা কমানো যাবে। তবে বর্তমান শিক্ষাব্যবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষকেরা কতটা খাপ খাইয়ে নিতে পারবেন, তা বড় প্রশ্ন। যদি তাঁরা বর্তমান শিক্ষাব্যবস্থায় সমন্বয় করতে না পারেন, এর প্রভাব পড়বে সামগ্রিক শিক্ষাব্যবস্থায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানের মতে, এই উদ্যোগ যেন নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা না হয়, সেটা বিবেচনায় রাখা প্রয়োজন। আর অবসরপ্রাপ্তদের মধ্য থেকে নিয়োগ যেন যোগ্যতা, সক্ষমতা ও অভিজ্ঞতার মাপকাঠিতেই হয়। না হলে শিক্ষার মান উন্নয়ন না হয়ে অবনতির শঙ্কা সৃষ্টি হবে।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে পাঠদান ‘আপাতত’ শিখন ঘাটতি পূরণের ব্যবস্থা হলেও তা কোনো স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন প্রবীণ শিক্ষক নেতা ও বেসরকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান। তিনি বলেন, ‘এমন উদ্যোগে আপাতত হয়তো শিক্ষকসংকট কাটবে। তবে আমার পরামর্শ হচ্ছে, এনটিআরসিএর মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা।’

দু’দিনব্যাপী এই আয়োজনে আরও থাকছে বৈশাখী মেলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল বুধবার পর্যন্ত চলবে নববর্ষের এই জমকালো আয়োজন।
৫ ঘণ্টা আগে
বছর যায়, বছর আসে। সময় তার নিজস্ব গতিতে চলে। আর আমাদের জীবন থেকে নিঃশব্দে ঝরে পড়ে একেকটি দিন, একেকটি মুহূর্ত। পুরোনোকে পেছনে ফেলে নতুনকে বরণ করাই যেন সবার চিরচেনা অভ্যাস। বৈশাখ এলেই তাই চারপাশে লাল-সাদার রঙিন ছটা, পান্তা-ইলিশের আয়োজন, মঙ্গল শোভাযাত্রার উচ্ছ্বাস আর বৈশাখী মেলার কোলাহল।
১৮ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইয়ারুল কবীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক। আজ সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ।
২০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুস সালাম। বর্তমানে তিনি ঢাবির বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এ এস এম কাসেম (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা)...
২১ ঘণ্টা আগে