
রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট (ফি) নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, বিশেষায়িত শিশু হাসপাতাল চালু এবং সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ছয় দফা দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে এসব দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত, যা সাধারণ মানুষের জীবনমান ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক হঠাৎই তাদের ভিজিট ফি বাড়িয়ে প্রায় দেড় হাজার টাকায় উন্নীত করেছেন, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ফলে উত্তর, দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসার জন্য আসা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ছাড়া হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা প্রদানের দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, সরকারি ও বেসরকারি হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং সুস্থতার পথে বাধা সৃষ্টি করছে।
সরকারি হাসপাতালে লাশ পরিবহনে দীর্ঘদিন ধরে একটি অসাধু সিন্ডিকেট অতিরিক্ত অর্থ আদায় করছে বলেও অভিযোগ করা হয়। এতে শোকাহত পরিবারগুলোকে চরম ভোগান্তি ও অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে উল্লেখ করা হয়। এ সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, রাজশাহীতে নির্মিত বিশেষায়িত শিশু হাসপাতাল কয়েক বছর আগে সম্পন্ন হলেও এখনো চালু হয়নি। ফলে শিশুদের জন্য প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানানো হয়। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট ফি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন, হামের টিকাদান কর্মসূচি জোরদার এবং গণসচেতনতা বৃদ্ধি, সরকারি হাসপাতালের অবকাঠামো ও জনবল বৃদ্ধি করার দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।
স্মারকলিপি দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপার রাজশাহী কমিটির সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, উন্নয়নকর্মী আফজাল হোসেন, বাপার জেলা কমিটির কোষাধ্যক্ষ জাহিদ হাসান, পবা শাখার সহসভাপতি হাসিনুর রহমান, সাংবাদিক হেলেন খান প্রমুখ।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে স্মারকলিপির অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মেয়েটির পিতা শাজাহানপুর থানায় মামলা করেছেন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একটি বাসার ছাদে ঘটনাটি ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
৫ মিনিট আগে
স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৬ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
৬ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
৬ ঘণ্টা আগে