
সাবেক অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার ‘যেকোনো সময় পড়ে যেতে পারে’ বলে মনে করেন বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) প্রধান এম কে স্টালিন। তিনি দলের কর্মীদের আগাম নির্বাচনের জন্যও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ১০৭টি আসন নিয়ে এককভাবে সবচেয়ে বড় শক্তি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাগাজম (টিভিকে)। তাদের মিত্র কংগ্রেসের রয়েছে আরও পাঁচটি আসন। এ ছাড়া ডিএমকের চার মিত্র দলের প্রত্যেকের রয়েছে দুটি করে আসন। টিভিকে তাদের সমর্থনে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।
মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে থালাপতির প্রতি সমর্থন রয়েছে বিরোধী দল অল ইন্ডিয়া দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) ২৫ বিদ্রোহী বিধায়কেরও। গত সপ্তাহে আস্থা ভোটে তাঁরা সরকারের পক্ষেই ভোট দিয়েছেন।
ডিএমকে সূত্র বলছে, বাইরে থেকে সরকারকে সমর্থন দেওয়া ভিসিকে, সিপিআই, সিপিএম ও আইইউএমএল যদি সমর্থন প্রত্যাহার করে নেয়, অথবা তামিলনাড়ুর স্পিকার কিংবা আদালত শেষ পর্যন্ত বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কদের অযোগ্য ঘোষণা করে, তাহলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
স্টালিন তাঁর দলের জেলা সম্পাদকদের বলেছেন, ‘বর্তমান সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে এবং দলকে যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।’ অতীতে কীভাবে ডিএমকে নির্বাচনী ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে, সেটিও স্মরণ করিয়ে দেন সাবেক এই মুখ্যমন্ত্রী। তিনি দলকে বলেন, তারা আবারও বিজয়ী হবে।
স্টালিন বলেন, ‘এই পরাজয় সাময়িক। বর্তমান সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে। প্রস্তুত থাকুন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে আবারও বিধানসভা নির্বাচন হতে পারে। আমরা ঘুরে দাঁড়াব এবং আবার জিতব।’
স্থানীয় সময় গতকাল সোমবার দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্যে স্টালিন বলেন, ‘সূর্য (ডিএমকের প্রতীক) তামিলনাড়ুতে কখনো অস্ত যাবে না।’ নিজের পরাজয়ের দায় ব্যক্তিগতভাবে স্বীকার করে সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, তিনি ‘ব্যর্থতার দায় ও দায়িত্ব গ্রহণ করবেন’।
তিনি দলকে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি বাড়ানোর আহ্বানও জানান। ইঙ্গিতে বোঝান, এ ক্ষেত্রে বিজয়ের দল টিভিকে অনেক এগিয়ে আছে। স্টালিন বলেন, ‘যে রাজনীতি আমরা একসময় চায়ের দোকানে বলতাম, এখন তা বলতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডেলে।’
নির্বাচনী পরাজয়ের কারণ বিশ্লেষণ এবং জনগণের কাছ থেকে সরাসরি মতামত নিতে ৩৬ সদস্যের একটি কমিটিও গঠন করেছেন স্টালিন। এই পদক্ষেপকে তৃণমূল পর্যায়ে দলের আস্থা পুনর্গঠন এবং কোথায় সমর্থন হারিয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
একক বৃহত্তম দল হিসেবে টিভিকের উত্থান তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ডিএমকে ও এআইএডিএমকের ৫৯ বছরের আধিপত্যের অবসান ঘটিয়ে দুই দ্রাবিড় প্রতিদ্বন্দ্বীকেই বিরোধী শিবিরে ঠেলে দিয়েছে। দক্ষিণ ভারতের রাজনীতি বহুদিন ছিল দুই পুরোনো বৃক্ষের ছায়া। তবে টিভিকে সূত্র বলছে, তারা এসব নিয়ে বিচলিত নয়। পূর্ণ মেয়াদ টিকে থাকার মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে বলেই তারা আত্মবিশ্বাসী।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য অন-অ্যারাইভাল বা ভিসা ছাড়া থাইল্যান্ডে অবস্থানের মেয়াদ কমাচ্ছে দেশটির সরকার। এর ফলে থাইল্যান্ডে ৩০ দিনের বেশি থাকতে চাইলে এই তালিকায় থাকা অন্যান্য দেশের নাগরিকদের শিগগিরই ভিসার জন্য আবেদন করতে হবে।
৩০ মিনিট আগে
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অভিযোগের জেরে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফর ঘিরে বড় ধরনের বিতর্ক চলছিল, তখন নরওয়ের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত একটি কার্টুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কার্টুনটিতে মোদিকে সাপুড়ে হিসেবে দেখানো হয়।
৩৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৪ রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন। এর ফলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ইরান যুদ্ধ বন্ধের পথে আরেক ধাপ এগিয়ে গেল এবং ওয়ার পাওয়ারস অ্যাক্টের আওতায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করার উদ্যোগও আরও জোর পেল।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তারা যুদ্ধের শুরুর দিকেই নিহত হওয়ার কয়েক দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেন, ইরানের ক্ষমতা যদি ‘ভেতরের কেউ’ গ্রহণ করত, তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো।
২ ঘণ্টা আগে