Ajker Patrika

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের বৈঠক

ঢাবি প্রতিনিধি
ঢাবি উপাচার্যের সঙ্গে ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের বৈঠক
ছবি: আজকের পত্রিকা

চীনের ইউনান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই আজ বুধবার (২২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ইউনান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড এক্সচেঞ্জ অফিসের পরিচালক ড. উ ইউন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব হু জিয়ানফেং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিভিশনের উপপরিচালক অধ্যাপক ঝাং শিলাই, ইন্টারন্যাশনাল রিলেশনস ইনস্টিটিউটের ভাইস ডিন ড. লুও ওয়েইওয়েই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ এবং চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রধান এম এম আফিকুর রহমান নাহিদ বৈঠকে অংশ নেন।

পরে অধ্যাপক মা ওয়েনহুইয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড সভায় অংশ নেয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণদের জন্য আরও শিক্ষার সুযোগ সৃষ্টিতে ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এখন শুধু একটি ভাষা শিক্ষাকেন্দ্র নয়, বরং এরচেয়েও অনেক বেশি কিছু। এই প্রতিষ্ঠান বাংলাদেশ ও চীনের মধ্যে ভাষাশিক্ষা, সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি অর্থবহ সেতু হিসেবে কাজ করে আসছে।

বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে চলমান যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও নতুন সহযোগিতামূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এ ছাড়া বোর্ড সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক প্রতিবেদন ও বাজেট পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত