Ajker Patrika

গ্রাম আদালতকে জনপ্রিয় করার তাগিদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
গ্রাম আদালতকে জনপ্রিয় করার তাগিদ
রাজধানীর গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

গ্রামীণ পর্যায়ে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এ লক্ষ্যে গ্রাম আদালত ব্যবস্থা জনপ্রিয় করার উদ্যোগ নিতে হবে। তৃণমূল পর্যায়ে গ্রাম আদালত সেবা সম্পর্কে পরিচ্ছন্ন ধারণার জন্য প্রচার কার্যক্রম জোরদার করা প্রয়োজন।  

আজ সোমবার রাজধানীর গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলনকক্ষে তৃণমূল পর্যায়ে গ্রাম আদালত ব্যবস্থা জনপ্রিয়করণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সহজপ্রাপ্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা এ তাগিদ দেন।   

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায় প্রকল্প)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। কর্মশালার কারিগরি পর্বে প্রকল্পের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যানালিস্ট এনামুল হক ও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।  

গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলমের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু‘মেন, ইউএনডিপির সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহামুদ এবং প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী।  

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের গঠন, কার্যপরিধি, আইনি ভিত্তি, অধিক্ষেত্র, বিচারপ্রক্রিয়া, বিরোধ নিষ্পত্তির ধাপসমূহ, মামলা গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি এবং মাঠপর্যায়ের বাস্তব চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা কেস স্টাডি ও অভিজ্ঞতার আলোকে গ্রাম আদালতের সুফল এবং স্থানীয় পর্যায়ে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরেন। বক্তারা গ্রাম আদালত ব্যবস্থার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ, আন্তপ্রাতিষ্ঠানিক সহযোগিতা ও কার্যকর যোগাযোগ কৌশলের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। তাঁরা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ভুল ধারণা দূরীকরণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর প্রচার কৌশল বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

দোকানের মালিকানা নিয়ে বিরোধ: ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

এবার এলপিজি কার্ডের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

ঢাবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত