বাবার স্বপ্ন ছিল, ছেলে একদিন চিকিৎসক হবেন। সেই স্বপ্ন পূরণ না হলেও প্রথম চেষ্টাতেই ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মিলন শ্রেয়ান। নানা চড়াই-উতরাই পেরিয়ে তাঁর সাফল্যের গল্প এবং নতুনদের প্রস্তুতির নানা পরামর্শের কথা জানিয়েছেন তিনি।
২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.০০ পেয়ে ভীষণ হতাশ হন মিলন। বাবার মুখোমুখি হয়ে কী বলবেন, তা-ও বুঝে উঠতে পারেননি। এরপর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েও কোথাও সুযোগ পাননি। তবে হাল ছাড়েননি। ২০১৯ সালে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিয়ে নেত্রকোনা সরকারি কলেজ থেকে জিপিএ-৪.৮৩ অর্জন করেন। তবু মেডিকেলে ভর্তির সুযোগ হয়নি তাঁর। শেষ পর্যন্ত ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে।
ক্যাম্পাসজীবনের শুরু
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ কেটেছে ক্যাম্পাসে ঘোরাঘুরি, খেলাধুলা ও আড্ডায়। পড়াশোনার চেয়ে ক্রিকেটেই বেশি সময় দিতেন। ফলে প্রথম বর্ষে সিজিপিএ পান ৩.৫৬।
আইনের প্রতি আগ্রহ
দ্বিতীয় বর্ষে একবার বাড়ি গিয়ে দেখেন, এক আত্মীয় তাঁদের উঠোনে অনেকটা জোর করেই জমি মাপামাপি করছেন। বাবার কাছে বিষয়টি জানতে পারেন, বিআরএস খতিয়ানে দাগ নম্বরের ভুলকে কেন্দ্র করে জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। আইন বিভাগে পড়েও পরিবারের পাশে দাঁড়াতে না পারার বিষয়টি তাঁকে নাড়া দেয়। জেদ থেকেই রাজশাহী ফিরে সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) পড়া শুরু করেন। সেখান থেকেই আইনের প্রতি আগ্রহ বাড়তে থাকে। দ্বিতীয় বর্ষে ৩.৮৩ সিজিপিএ পেয়ে বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন। এটিই ছিল তাঁর জীবনের অন্যতম মোড় পরিবর্তনের ঘটনা।
জজ হওয়ার স্বপ্ন
তৃতীয় বর্ষে বিজেএসের স্বপ্ন দেখতে শুরু করেন মিলন। বিভাগের বড় ভাই-আপুদের বিচারক হতে দেখে অনুপ্রাণিত হন। একদিকে একাডেমিক পড়াশোনা ও নোট তৈরি, অন্যদিকে বিজেএসের প্রস্তুতি চালিয়ে যান সমানতালে। তৃতীয় বর্ষে ৩.৭৬ এবং চতুর্থ বর্ষে ৩.৮০ সিজিপিএ পেয়ে অনার্স সম্পন্ন করেন। এরপর টানা দুই বছর প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা, কখনো তারও বেশি সময় নিয়ম মেনে পড়াশোনা করেছেন।
প্রিলিমিনারি প্রস্তুতি
প্রস্তুতির শুরুতে সিলেবাস সংগ্রহ করেন। পাশাপাশি লিগ্যাম প্রশ্নব্যাংক ও আইনপাঠ বই কিনে পড়া শুরু করেন। তৃতীয় বর্ষের মধ্যেই প্রায় সব প্রয়োজনীয় বই সংগ্রহ করেন। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে টপিক নির্বাচন, বেয়ার অ্যাক্ট থেকে সেগুলো বোঝা এবং আইনপাঠ থেকে অনুশীলন ছিল তাঁর প্রস্তুতির মূল কৌশল।
সংবিধান, পারিবারিক আইন ও ঐচ্ছিক বিষয়ে বেশি মনোযোগ দিতেন। বিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায় গণিত ও বিজ্ঞান নিয়ে দুশ্চিন্তা ছিল না। সাম্প্রতিক বিষয়াবলি পড়তেন বিদ্যাবাড়ি পেজ থেকে। বাংলা, ইংরেজি, গণিত, জ্যামিতি ও আইনের প্রতিটি বিষয়ের জন্য আলাদা নোট তৈরি করতেন।
লিখিত ও ভাইভা প্রস্তুতি
১৮তম বিজেএসের প্রিলিমিনারির আগে শুধু প্রিলির প্রস্তুতি নিলেও লিখিত পরীক্ষার জন্য প্রায় পাঁচ মাস সময় পান। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বলতা থাকায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানে বেশি সময় দেন। বাংলা রচনার পাশাপাশি একই বিষয়ের ইংরেজি রচনাও তৈরি করতেন। আইনের প্রস্তুতিতে রিটেন মাস্টার থেকে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে বেয়ার অ্যাক্টের সহায়তায় বিষয়গুলো বুঝে পড়তেন। পরে সমস্যাভিত্তিক প্রশ্ন নিয়মিত অনুশীলন করেন।
তাঁর মতে, ভাইভার জন্য আলাদা করে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন নেই। বেয়ার অ্যাক্ট ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকলেই প্রস্তুতির বড় অংশ সম্পন্ন হয়। ব্যক্তিগত প্রশ্ন, পোশাক ও আচরণবিধি সম্পর্কে ধারণা নিতে পড়েছিলেন ‘ভাইভা বুস্টার’।
নতুনদের জন্য পরামর্শ
মিলনের পরামর্শ, আইন পড়ার প্রতি আগ্রহ থাকতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন অঙ্গীকার ও আত্মবিশ্বাস। নিয়মিত পড়াশোনার জন্য শুরু থেকেই রুটিন তৈরি করতে হবে। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে হবে। গণিত, বিজ্ঞান, পারিবারিক আইন ও সম্পত্তি আইনে ভালো নম্বর অর্জনের সুযোগ রয়েছে। তাই এসব বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।
গ্রন্থনা: শাহ বিলিয়া জুলফিকার।

-a3af21-480x270.webp)








