Ajker Patrika

কর্মক্ষেত্রে সফট স্কিলের বিকল্প নেই

ক্যারিয়ার ডেস্ক
কর্মক্ষেত্রে সফট স্কিলের বিকল্প নেই

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কর্মক্ষেত্রে সফল হতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা কারিগরি দক্ষতা যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন সফট স্কিল বা ব্যক্তিগত ও আন্তব্যক্তিক দক্ষতা। যোগাযোগ, দলগত কাজ, নেতৃত্ব, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের মতো দক্ষতা একজন কর্মীকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। এসব গুণ পেশাদারত্ব বাড়ানোর পাশাপাশি সাফল্যের পথও সুগম করে।

যোগাযোগের দক্ষতা

সফট স্কিলের অন্যতম ভিত্তি যোগাযোগের দক্ষতা। নিজের চিন্তা, মতামত ও অনুভূতি স্পষ্টভাবে অন্যের কাছে তুলে ধরতে পারা একজন দক্ষ কর্মীর পরিচয়। কর্মক্ষেত্রে যোগাযোগের এ দক্ষতার তিনটি দিক রয়েছে।

  • মৌখিক যোগাযোগ: সভা, আলোচনা কিংবা দৈনন্দিন কাজে গুছিয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা প্রয়োজন। স্পষ্ট বক্তব্য সহকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায়।
  • লিখিত যোগাযোগ: ই-মেইল, প্রতিবেদন কিংবা দাপ্তরিক নথিতে সহজ, শুদ্ধ ও প্রাসঙ্গিক ভাষায় তথ্য উপস্থাপন করতে জানতে হবে। এতে ভুল-বোঝাবুঝি কমে, কাজের গতিও বাড়ে।

মনোযোগ দিয়ে শোনা: ভালো যোগাযোগ শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয়। অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে তাঁর মতামত, প্রয়োজন ও সমস্যা বোঝা সহজ হয়।

দলগত কাজের দক্ষতা

কর্মক্ষেত্রে অধিকাংশ কাজই দলগত প্রচেষ্টায় সম্পন্ন হয়। তাই সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার মানসিকতা থাকা প্রয়োজন। একটি কার্যকর দল গড়ে তুলতে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও অভিন্ন লক্ষ্য জরুরি।

দলের সদস্যদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। এসব মতামতকে গুরুত্ব দিলে নতুন ধারণার জন্ম হয়, সমস্যার কার্যকর সমাধানও পাওয়া যায়। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব দলকে আরও শক্তিশালী করে।

নেতৃত্বের গুণাবলি

নেতৃত্ব কেবল ব্যবস্থাপক কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য নয়। যেকোনো কর্মী নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে নেতৃত্বের পরিচয় দিতে পারেন। এ ক্ষেত্রে প্রয়োজন অন্যকে অনুপ্রাণিত করা, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং গঠনমূলক পরামর্শ দেওয়ার সক্ষমতা।

একজন ভালো নেতা দলের সদস্যদের উৎসাহিত করেন। সংকটের সময় বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেন। পাশাপাশি তাঁদের কাজের মূল্যায়ন করে ইতিবাচক ফিডব্যাক দেন। এতে কর্মীদের আত্মবিশ্বাস বাড়ে, উন্নত হয় কাজের মান।

যেভাবে বাড়াবেন সফট স্কিল

সফট স্কিল জন্মগত বিষয় নয়; নিয়মিত চর্চার মাধ্যমে এসব দক্ষতা অর্জন ও উন্নত করা যায়। এ জন্য কয়েকটি অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

প্রশিক্ষণে অংশগ্রহণ: যোগাযোগ, নেতৃত্ব ও দলগত কাজবিষয়ক প্রশিক্ষণ দক্ষতা বাড়াতে সহায়ক।

নেটওয়ার্কিং: বিভিন্ন অনুষ্ঠান, কর্মশালা ও পেশাগত আয়োজনে অংশ নিয়ে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং মতবিনিময়

করা যেতে পারে।

বই পড়া ও অনলাইন কোর্স: সফট স্কিলবিষয়ক বই, নিবন্ধ ও অনলাইন কোর্স থেকে নতুন কৌশল শেখা সম্ভব।

নিয়মিত আত্মমূল্যায়ন: নিজের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। সহকর্মীদের পরামর্শ গ্রহণের মাধ্যমেও নিজেকে উন্নত করা যায়।

সফট স্কিলের ইতিবাচক প্রভাব

সফট স্কিলের চর্চা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ গড়ে তোলে। সহকর্মীদের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বাড়ে। দলগত প্রচেষ্টায় সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে, তৈরি হয় নতুন সম্ভাবনা। একই সঙ্গে কাজের মান, উৎপাদনশীলতা ও প্রতিষ্ঠানের সাফল্য বৃদ্ধি পায়।

প্রযুক্তিগত দক্ষতা একজন কর্মীকে কাজের উপযোগী করে তোলে, অন্যদিকে সফট স্কিল তাঁকে কর্মক্ষেত্রে কার্যকর ও গ্রহণযোগ্য করে তোলে। তাই পেশাগত জীবনে এগিয়ে যেতে হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিলের নিয়মিত চর্চাও অপরিহার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত