
৯টি দুর্বল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের সিদ্ধান্তে পুঁজিবাজারে আরেকটি বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। পাঁচটি ব্যাংক একীভূত করার পর বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়া হলেও এগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা কার্যত পুরোপুরি উপেক্ষিতই থাকছেন। একই দৃশ্যপট এবার নতুন করে সামনে আসছে আট এনবিএফআইয়ের অবসায়ন প্রক্রিয়ায়, যেগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত। সম্পদমূল্য ঋণাত্মক দেখিয়ে এসব প্রতিষ্ঠানে শেয়ারে বিনিয়োগ করা সাধারণ শেয়ারহোল্ডারদের পাওনা আইনগতভাবে শূন্যে নামিয়ে আনার প্রস্তুতি চলছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিনিয়োগকারীদের হাতে থাকা প্রায় ১০১ কোটি শেয়ারে, যা কার্যত শূন্য হয়ে পড়বে।
শেয়ার শূন্য ঘোষণা করা হলে অভিহিত মূল্যে বিনিয়োগকারীদের ক্ষতি হবে ১ হাজার ৮ কোটি টাকা। বাজারদরের হিসাবেও ক্ষতির অঙ্ক কম নয়। বর্তমানে এসব শেয়ারের গড় দর এক টাকার নিচে নেমে এসেছে। সে হিসাবে বিনিয়োগকারীদের ন্যূনতম ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পর্ষদ গত ৩০ নভেম্বর ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স, ২০২৫-এর আওতায় এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং ও আভিভা ফাইন্যান্স—এই ৯ প্রতিষ্ঠানের অবসায়নের অনুমোদন দেয়। এর মধ্যে আভিভা ফাইন্যান্স ছাড়া বাকি আটটি পুঁজিবাজারে তালিকাভুক্ত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান খাতের মোট খেলাপি ঋণের ৫২ শতাংশই এই ৯ প্রতিষ্ঠানের দখলে। গত বছরের শেষে তাদের খেলাপি ঋণ দাঁড়ায় ২৫ হাজার ৮৯ কোটি টাকা। তালিকাভুক্ত আটটির খেলাপি ঋণের পরিমাণ ১০ হাজার ৫০৭ কোটি টাকার বেশি, যেখানে গড় খেলাপির হার ৮৭ শতাংশ ছাড়িয়েছে।
এই চরম অনিয়ম ও লুটপাটের ফল ভোগ করছেন সাধারণ বিনিয়োগকারীরা। আটটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ১ হাজার ৪৮৪ কোটি টাকার বেশি। এর প্রায় ৬৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ার বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের হাতে, যার সংখ্যা ১০০ কোটি ৮৭ লাখের বেশি।
বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাবে, অবসায়নযোগ্য প্রতিষ্ঠানগুলোর শেয়ারপ্রতি গড় নিট সম্পদমূল্য ঋণাত্মক ৯৫ টাকা। অর্থাৎ সব সম্পদ বিক্রি করেও দায় শোধের পর সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কিছু অবশিষ্ট থাকবে না।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছেন, আইন অনুযায়ী এ অবস্থায় শেয়ারহোল্ডাররা কিছু পাওয়ার সুযোগ পান না।
তবে বিশেষজ্ঞরা বলছেন, আইনের কঠোর ব্যাখ্যার বাইরে মানবিক ও ন্যায্যতার প্রশ্নটি গুরুত্ব পাওয়া উচিত। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন মনে করেন, সরকার যখন আমানতকারীদের ক্ষতিপূরণ দিতে এগিয়ে আসে, তখন সরল বিশ্বাসে বিনিয়োগ করা সাধারণ বিনিয়োগকারীদের পুরোপুরি বাদ দেওয়া উচিত নয়। একই মত দিয়েছেন বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। তাঁর মতে, বোর্ডের লুটেরা ও অনিয়মকারীদের শাস্তি নিশ্চিত না করে ৭০ শতাংশ শেয়ারধারীর শেয়ার শূন্য ঘোষণা করা অবিবেচনাপ্রসূত এবং এতে বাজারে আস্থা আর ফিরবে না।
এদিকে ৯টি প্রতিষ্ঠানে আটকে থাকা আমানতের পরিমাণ ১৫ হাজার ৩৭০ কোটি টাকা। সরকার প্রাথমিকভাবে প্রায় ৫ হাজার কোটি টাকা দিয়ে আমানত ফেরতের উদ্যোগ নিচ্ছে, যদিও চূড়ান্ত অঙ্ক নির্ধারিত হয়নি। অবসায়নের এই প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের কোনো পরিকল্পনা না থাকায় ক্ষোভ বাড়ছে। বিনিয়োগকারী সংগঠনগুলো অবসায়ন প্রক্রিয়া স্থগিত ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানালেও পুরো বিষয়টিতে নীরব ভূমিকা পালন করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, অবসায়নের আনুষ্ঠানিক প্রস্তাবনা এলে কমিশন ভেবে দেখবে, কী করণীয়। মানবিক দৃষ্টিকোণ থেকে বিএসইসির অনুরোধ থাকবে, আমানতকারীদের জন্য সরকারের অর্থ বরাদ্দ থাকলে যেন সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থটাও দেখা হয়।

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
১১ ঘণ্টা আগে
নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসারে ও এসব পণ্যের বাজার সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু হয়েছে। আজ শুক্রবার গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে চালু হওয়া এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। চতুর্থবারের মতো আয়োজিত এই তারা উদ্যোক্তা
১৩ ঘণ্টা আগে
সিয়াম বা সংযম সাধনার মাস পবিত্র রমজানের এক সপ্তাহ পেরিয়েছে। নিত্যপণ্যের বাজারের ব্যবসায়ীরা বলছেন, এতে প্রাথমিক হুড়াহুড়ি থেমে কেনাকাটার চাপ অনেকটাই কমেছে। আর কেনার চাপ কমায় লেবু, বেগুন, কাঁচা মরিচ, পেঁয়াজসহ অন্যান্য রোজাসংশ্লিষ্ট পণ্যের আগুন দামও ঠান্ডা হয়ে আসছে।
১ দিন আগে
সোনালী ব্যাংক পিএলসি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
১ দিন আগে