
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতা অবৈধ বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এ রায়ের ফলে চীনে চড়া দামে সয়াবিন রপ্তানির যে পরিকল্পনা ট্রাম্পের, তা ভেস্তে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, এই রায়ের পর এখন আর চীন যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে সয়াবিন কেনার বিষয়ে আগ্রহী নাও থাকতে পারে। কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন, চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বিপুল পরিমাণ সয়াবিন কিনবে।
গত ৪ ফেব্রুয়ারি ট্রাম্প তাঁর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে দাবি করেছিলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ৮০ লাখ টন সয়াবিন কিনবে। এই ঘোষণার পর সয়াবিনের দাম ৮ দশমিক ৪৯ শতাংশ বাড়লেও গতকাল শুক্রবার সকালে লেনদেনের শুরুতে দাম কিছুটা নিম্নমুখী হয়ে যায়।
লেকফ্রন্ট ফিউচারসের সিনিয়র হেজ অ্যাডভাইজার ড্যারিন ফেসলার এই পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ট্রাম্প চীনকে চাপে রাখার চেষ্টা করছিলেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই রায়ের ফলে চীন কি সেই সয়াবিন নিতে রাজি হবে? ব্রাজিলের তুলনায় যুক্তরাষ্ট্রের সয়াবিনের দাম এখনো বেশি। কোনো বাধ্যবাধকতা না থাকলে চীন কেন বেশি দামে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সয়াবিন কিনবে?’
মার্কিন সয়াবিনের দাম বাড়লেও বাজার বিশ্লেষক ও ব্যবসায়ীদের বড় একটি অংশ অবশ্য শুরু থেকেই চীনের এত বিপুল পরিমাণ সয়াবিন কেনার বিষয়ে সংশয় প্রকাশ করে আসছিলেন। গত অক্টোবর মাসে বাণিজ্য বিরোধ মেটানোর লক্ষ্যে হওয়া চুক্তির শর্ত মেনে চীন এরইমধ্যে ১২০ লাখ টন মার্কিন সয়াবিন কিনেছে। ব্রাজিলে বাম্পার ফলন এবং সস্তা দামের সম্ভাবনা থাকা সত্ত্বেও চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সিনোগ্রেইন মার্কিন সয়াবিন মজুত করার জন্য গুদাম খালি করার কাজও শুরু করেছিল।
বিশ্লেষকদের মতে, শুল্কের চাপ না থাকলে সয়াবিনে বিশ্ববাজারে ব্রাজিলের সঙ্গে প্রতিযোগিতা করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে। বর্তমানে ব্রাজিলে ব্যাপক ফলন হওয়ায় সয়াবিন তুলনামূলকভাবে অনেক সস্তা।
মার্কিন সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছেন, জাতীয় জরুরি পরিস্থিতির জন্য প্রণীত একটি আইনের আওতায় শুল্ক আরোপ করে ট্রাম্প তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন। এই রায়ের ফলে ভবিষ্যতে ট্রাম্প প্রশাসন বিকল্প কোনো আইনি পথে শুল্ক নীতি কার্যকর করতে পারবে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের বৃহত্তম সয়াবিন আমদানিকারক চীনের বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণকারী ব্যবসায়ীদের মতে, এ রায় ইতিমধ্যেই অস্থির বাজারে আরও অনিশ্চয়তা যোগ করেছে।
বাজারের নজর এখন দুটি দিকে, আমেরিকা নতুন কোনো শুল্ক নীতি আনে কি না এবং চীন শেষ পর্যন্ত ট্রাম্পের চাপে নতিস্বীকার করে নাকি ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দেশগুলোর দিকে আরও বেশি ঝুঁকে পড়ে, যাদের সঙ্গে তাদের কোনো বাণিজ্যিক লড়াই নেই।
এদিকে মার্কিন কৃষকদের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে পড়ছে। টানা চতুর্থ বছরের মতো কম বা লোকসানের মুখে রয়েছেন কৃষকেরা। প্রায় রেকর্ড পরিমাণ সরকারি সহায়তা পাওয়ার পরও চলতি বছর কৃষি আয় কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংকট মোকাবিলায় মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) কৃষকদের জন্য ১১ বিলিয়ন ডলারের একটি ‘ব্রিজ পেমেন্ট’ কর্মসূচি ঘোষণা করেছে, আগামী সপ্তাহ থেকে উৎপাদকেরা এই কর্মসূচিতে নাম নথিভুক্ত করতে পারবেন।
অ্যাগরিসোর্স কোম্পানির প্রেসিডেন্ট ড্যান বাসে বলেন, ‘প্রেসিডেন্টের হাত থেকে শুল্কের হাতুড়িটি কেড়ে নেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে শুল্ক বজায় রাখতে তিনি কোন অস্ত্র ব্যবহার করেন। পুরো বিষয়টি এখন চরম ধোঁয়াশার সৃষ্টি করেছে।’

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জনতা ব্যাংক পিএলসি। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জনতা ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
১ ঘণ্টা আগে
বাজুসের নতুন দাম অনুযায়ী, সোনার দাম (২২ ক্যারেট) প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮৩৬ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৩ টাকা। অর্থাৎ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৮৩ টাকা বেড়েছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ৬-৩ ব্যবধানের বিভক্ত বেঞ্চের রায় কেবল ডোনাল্ড ট্রাম্পের একটি বাণিজ্য নীতিকেই ধাক্কা দেয়নি, বরং এটি হোয়াইট হাউসের একচ্ছত্র ক্ষমতার ওপর বিচার বিভাগের এক শক্তিশালী নিয়ন্ত্রণরেখা টেনে দিয়েছে। ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কনীতি অবৈধ ঘোষিত হওয়ার পর বিশ্ব...
৪ ঘণ্টা আগে
মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বজুড়ে নতুন ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের সিদ্ধান্তকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করার পাশাপাশি যে বিচারকেরা তাঁর বাণিজ্য নীতির বিপক্ষে ভোট দিয়েছেন, তাঁদের ‘মূর্খ’ এবং ‘দেশপ্রেমহীন’ বলে তীব্র...
৫ ঘণ্টা আগে