
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনি পানামা খালকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্নায়ুযুদ্ধ নতুন মোড় নিয়েছে। পানামা খালের প্রবেশপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই মহাশক্তির এই দ্বন্দ্বে সরাসরি জড়িয়ে পড়েছে পানামা সরকার। হংকংভিত্তিক কোম্পানি ‘সিকে হাচিসনে’র বন্দর চুক্তি বাতিল এবং চীনে পানামার পতাকাবাহী জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা।
পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, তাঁর দেশ বর্তমানে দুই পরাশক্তি—যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বিরোধের মধ্যে পড়েছে। তিনি বলেন, ‘আমরা অনেকটা দুই বড় শক্তির লড়াইয়ের মাঝে পড়ে গেছি। তবে আমি চাই না এই ভূরাজনৈতিক দ্বন্দ্ব আরও বাড়ুক এবং আমাদের জাহাজগুলোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হোক।’
উল্লেখ্য, হংকংয়ের সিকে হাচিসন কোম্পানি প্রায় তিন দশক ধরে পানামার গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনা করে আসছিল। তবে গত জানুয়ারিতে পানামার সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তের পর তাদের চুক্তি বাতিল করা হয়। বিশ্লেষকদের মতে, এই কৌশলগত জলপথে চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখেই পানামা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বর্তমানে বন্দরগুলোর দায়িত্ব সাময়িকভাবে ডেনমার্কের ‘মায়েরস্ক’ এবং সুইজারল্যান্ডের ‘এমএসসি’কে দেওয়া হয়েছে।
সিকে হাচিসন এই পদক্ষেপকে ‘অবৈধ দখল’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে প্রেসিডেন্ট মুলিনো আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘আমরা কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করিনি; যেহেতু তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তাই সরকার এর নিয়ন্ত্রণ নিয়েছে।’
এ ঘটনার পর থেকেই চীনে পানামার পতাকাবাহী জাহাজগুলোর ওপর কড়াকড়ি শুরু হয়েছে। অস্বাভাবিক হারে পানামার জাহাজ ডিটেনশন বা আটকে রাখার খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো এটিকে পানামার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখে একটি যৌথ বিবৃতি দিয়েছে। অন্যদিকে, চীন এই অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে এবং ওয়াশিংটনকে বন্দর নিয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছে।
বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পানামা খালের ওপর দিয়ে পরিচালিত হয়। ফলে এই খালের প্রবেশপথের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘদিনের দড়ি টানাটানি চলছে। বেইজিংয়ের পক্ষ থেকে পানামা সরকারকে জানানো হয়েছে, বন্দর নিয়ে বিরোধটি আন্তর্জাতিক আদালতে নিষ্পত্তি হবে এবং এটি দুই দেশের সরকারি সম্পর্কের কোনো বিষয় নয়। তবে চলমান জাহাজ আটকের ঘটনা বেইজিংয়ের ‘বন্ধুত্বপূর্ণ’ বার্তার সঙ্গে কতটা সংগতিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রেসিডেন্ট মুলিনো জানিয়েছেন, তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং এখনই পরবর্তী বড় কোনো পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেননি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এমনিতেই বিশ্ব বাণিজ্য অস্থির, তার ওপর পানামা খালের এই সংকট বৈশ্বিক সরবরাহব্যবস্থার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স

বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১০ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১৮ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) আগামী ১৫ বছরের জন্য বিদেশি বা আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
১৯ ঘণ্টা আগে