
দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের দামে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। কয়েক দিন ধরে বাজারে শীতকালীন সবজির বাজারদর কমতির দিকে থাকলেও গতকালের বৃষ্টির প্রভাবে ফের বেড়েছে। সেই সঙ্গে ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার চেষ্টা করছে।
আজ শুক্রবার রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে অধিকাংশ শীতকালীন সবজির দাম বেড়েছে।
কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী মাসুম দেওয়ান বলেন, বৃষ্টির কারণে মাল আসেনি। তাই কেজিপ্রতি বিভিন্ন সবজির দাম ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
সবজির মধ্যে প্রতি কেজি আলু ৫০ থেকে ৫৫ টাকা, নতুন আলু ৭০-৮০ এবং পাকা টমেটো ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ৬০-৭০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০, বিভিন্ন জাতের বেগুন ৫০ থেকে ৭০, মুলা ৩০-৪০, পটোল ৬০-৬৫ ও পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের কেজি ৮০ থেকে ১২০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০, ঝিঙা ৫০-৬০, কচুর লতি ৬০-৭০, গাজর ৫০-৭০, শসা ৬০-৭০ ও কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়।
বাজারভেদে লালশাকের আঁটি ১০-২০ টাকা, লাউশাক ১৫-৩০, মুলাশাক ১৫-২৫ ও পালংশাক ২০-৩০ টাকা আঁটি বিক্রি করতে দেখা গেছে। এ ছাড়া প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম ৩০-৫০ টাকা, স্থানভেদে কিছুটা কম-বেশিও বিক্রি হচ্ছে। লাউ-কুমড়া আকার অনুযায়ী বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১৫ টাকায়।
কারওয়ান বাজারে কথা হয় বেসরকারি চাকরিজীবী আব্দুল লতিফের সঙ্গে। তিনি বলেন, তিন-চার দিন আগে পেঁয়াজের দাম ছিল ৯০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আলু ছিল ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
বাজারে ব্রয়লার মুরগির দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কারওয়ান বাজারের ব্রয়লার মুরগি ব্যবসায়ী আব্দুল আউয়াল বলেন, মুরগির দাম দুই দিনে ৩০ টাকা বেড়েছে। আগে ছিল ১৬০-৭০ টাকা। এখন ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ ছাড়া সোনালি জাতের মুরগির কেজি ২৮০-৩১০ টাকা। ডিম প্রতি ডজনে বেড়েছে ১০-২০ টাকা পর্যন্ত। তবে গরুর মাংসের দাম ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কারওয়ান বাজারে ৬৫০ টাকা এবং রামপুরা বনশ্রী এলাকায় ৭০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। খাসির মাংস আগের মতোই ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাছের বাজার স্থিতিশীল রয়েছে। বাজারভেদে পাঙাশ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি দরে। কাছাকাছি দামে বিক্রি হচ্ছে চাষের কই ও তেলাপিয়া। আকারভেদে রুই-কাতলার দাম হাঁকানো হচ্ছে ৪০০ থেক ৬০০ টাকা কেজি।
নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ড. গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ ভোক্তারা দুর্ভোগে পড়েছে। বৃষ্টির কারণে পণ্যের সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ীরা বাড়তি দামে পণ্য বিক্রির সুযোগ নিচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ভালো থাকলে আশা করি সবজির বাজার আবার সহনীয় হয়ে যাবে।’

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৫ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১৬ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৯ ঘণ্টা আগে