
জ্বালানি সাশ্রয়, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে মোটরযান আমদানির শুল্ক-কর কাঠামো যৌক্তিক করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। একই সঙ্গে আমদানি নীতিমালায় সহায়তামূলক সংস্কারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবদুল হক এসব প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, জ্বালানিসাশ্রয়ী হাইব্রিড ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ওপর বিদ্যমান শুল্ক কমানো প্রয়োজন। পাশাপাশি গণপরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ির (ইভি) ওপর কর কমানোর দাবি জানান তিনি।
বারভিডার মতে, পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ইভি খাতে কর সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আবদুল হক বলেন, সরকারের বিদ্যমান প্রণোদনার সঙ্গে সামঞ্জস্য রেখে রিকন্ডিশন্ড ইভি আমদানিতে করছাড় দেওয়া হলে দেশে সবুজ পরিবহনব্যবস্থা দ্রুত বিস্তৃত হবে। এতে জ্বালানি ব্যয় কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমবে।
আবদুল হক আরও বলেন, প্রস্তাবিত শুল্ককাঠামো বাস্তবায়িত হলে গাড়ির দাম তুলনামূলকভাবে মধ্যবিত্তের নাগালে আসবে। বাজার সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আয়ও বাড়বে বলে তিনি দাবি করেন। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে রাজস্ব আহরণ বাড়ানো অত্যন্ত জরুরি জানিয়ে তিনি বলেন, বিনিয়োগ, কর্মসংস্থান ও দারিদ্র্য হ্রাসে শক্তিশালী রাজস্ব ভিত্তি প্রয়োজন।
সংগঠনটি মনে করে, মোটরযান খাতে যুক্তিসংগত শুল্ককাঠামো অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে এবং আধুনিক ও নিরাপদ পরিবহনব্যবস্থার বিকাশে সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে ভ্যাট-সংক্রান্ত জটিলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বারভিডার মহাসচিব রিয়াজ আহমেদ খান অভিযোগ করেন, মাঠপর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কিছু কর্মকর্তার আচরণ ব্যবসায়ীদের জন্য হয়রানিমূলক হয়ে উঠেছে। তাঁর মতে, ভ্যাট আইন থাকলেও তার সঠিক প্রয়োগ হচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাখ্যায় আইন প্রয়োগ করা হচ্ছে।
রিয়াজ আহমেদ খান বলেন, ‘আমরা ব্যবসা করতে এসেছি, হয়রানি সহ্য করতে নয়।’ ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে রাজস্ব আহরণে সহায়তা করতে পারবেন।
সহসভাপতি হাবিবুর রহমান খান বলেন, চট্টগ্রামে প্রায় ৯০ শতাংশ ব্যবসায়ীকে ভ্যাট অডিটের আওতায় আনা হচ্ছে, যা বাস্তবসম্মত নয়। তাঁর মতে, অডিট প্রক্রিয়া ঝুঁকিভিত্তিক হওয়া উচিত এবং সীমিতসংখ্যক প্রতিষ্ঠানে পরিচালিত হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, সাত বছর আগের হিসাব চাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের সমস্যার মুখে পড়ছেন, বিশেষ করে মহামারির সময়ের অনিয়মিত নথিপত্রের কারণে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম মহাসচিব সৈয়দ জগলুল হোসেন, কোষাধ্যক্ষ মো. সাইফুল আলম, যুগ্ম কোষাধ্যক্ষ হাফিজ আল আসাদ, সাংগঠনিক সম্পাদক জোবায়ের রহমান, প্রকাশনা ও প্রচার সম্পাদক আব্দুল আউয়াল, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক এস এম মনসুরুল করিমসহ কার্যনির্বাহী সদস্যরা।

একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো পাঠকের আস্থা। অল্প সময়ের মধ্যে আজকের পত্রিকা দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। নির্ভুল তথ্য উপস্থাপন এবং পেশাদার সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা পত্রিকাটিকে পাঠকের কাছে একটি গ্রহণযোগ্য...
১৬ ঘণ্টা আগে
দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, যা ইউএস-বাংলা গ্রুপের একটি প্রতিষ্ঠান, কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে তাদের প্রথম পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ আয়োজন করেছে। আয়োজনে ৩৫০ জনের বেশি সেলার পার্টনার, ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান...
১৬ ঘণ্টা আগে
আবুল খায়ের গ্রুপের প্রতিনিধিরা বলেন, অল্প সময়ের মধ্যে নিরপেক্ষ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে আজকের পত্রিকা পাঠক মহলে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সম্পাদকীয় নীতির প্রতি অঙ্গীকারই পত্রিকাটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে...
১৮ ঘণ্টা আগে
প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার হুমায়ূন আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আব্বাস রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
১৮ ঘণ্টা আগে